২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টো পথে লেনদেন ভারসাম্য

আড়াই বছর উদ্বৃত্তে থাকার পর বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যে হোঁচট খেল বাংলাদেশ।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 11:07 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৬০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল।

গত দুটি অর্থবছরই বড় ধরনের উদ্বৃত্ত নিয়ে অর্থবছর শেষ করেছিল সরকার।

২০১৩-১৪ অর্থবছরে উদ্বৃত্ত ছিল ১৫৪ কোটি ৭০ লাখ ডলার। তার আগের অর্থবছরে উদ্বৃত্ত ছিল ২৫২ কোটি ৫০ লাখ ডলার।

সর্বশেষ ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতি ছিল ২০১১-১২ অর্থবছরে, ৪৪ কোটি ৭০ লাখ ডলার। তার আগের বছর ১৬৮ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি ছিল।

অর্থনীতির গবেষক জায়েদ বখত ও মোস্তাফিজুর রহমান মনে করেন, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমায় উদ্বৃত্ত আবার নেতিবাচক পথে যাচ্ছে।

তবে তারা দুজনই এ পরিস্থিতি ‘সাময়িক’ বলে মনে করছেন, বলছেন আপাতত ‘দুশ্চিন্তার’ কিছু নেই।

নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হল, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বৈদেশিক লেনদেন ভারসাম্যের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-অগাস্ট সময়েও ৩২ কোটি ৭০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল। এক মাসের ব্যবধানেই তা ঋণাত্মক হয়েছে।

এর কারণ জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করেই আমদানি বেড়ে যাওয়ায় এবং রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমায় লেনদেন ভারসাম্যে টান পড়েছে।”

আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ আবার উদ্বৃত্তে পৌঁছাবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।

ঋণাত্মক উদ্বৃত্তের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার মজুদে ২২ বিলিয়ন ডলার থাকায় আমদানি ব্যয়সহ অন্যান্য ব্যয় মেটাতে সমস্যা হওয়ার কথা নয়।

“আমি দুশ্চিন্তার কিছু দেখছি না”, বলেন তিনি।

জায়েদ বখত বলছেন, গত দুই অর্থবছরে ব্যালেন্স অফ পেমেন্টে স্বস্তিদায়ক অবস্থায় থাকলেও আমদানি কমে উদ্বৃত্ত বাড়লে তা অর্থনীতির জন্য মঙ্গলজনক হয় না।

“জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সে কারণে আমদানি ব্যয় বেড়েছে। এতে ব্যালেন্স অফ পেমেন্টও কমছে।”

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আমদানি ব্যয় বেড়েছে ১৩ দশমিক ৬৩ শতাংশ।

অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি চার মাসের রপ্তানি আয়ের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, জুলাই-অক্টোবর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় ১ শতাংশ কমেছে।

২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ে ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছিল।

অর্থবছরের চার মাসের (জুলাই-অক্টোবর) হিসাবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ১১ দশমিক ৫৫ শতাংশ বাড়লেও সর্বশেষ অক্টোবর মাসে প্রায় ১৮ শতাংশ রেমিটেন্স কম এসেছে।