২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমইদের অর্থায়ন বাড়াতে মেলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:05 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুদিনব্যাপী মেলার উদ্বোধন করবেন।

বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে।

মেলায় দেশের ৪২টি ব্যাংক ও ১৬টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া এসএমই উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, ঋণ বিতরণ, ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ‘এসএমই ফাইন্যান্সিং ফেয়ার-২০১৪’ শীর্ষক মেলার আয়োজন নিয়ে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. এহসানুল করিম ও কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এহসানুল করিম বলেন, এসএমই খাতে অর্থায়ন আরও সহজ করার জন্য মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশে ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তা গড়ে উঠবে। যারা দেশের বেকারত্বের সমস্যা দূরীকরণে ভূমিকা পালন করবে।

এসএমই ব্যাংকিংয়ের প্রসারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে আর্থিক সেবাসমূহ ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক প্রতিবছর এসএমই ব্যাংকিং ফেয়ার আয়োজন করে আসছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় মেলার দ্বিতীয় দিনের দ্বিতীয়ার্ধে ‘বাংলাদেশে এসএমই খাতে অর্থায়নে বর্তমান প্রেক্ষিত এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের পরিচালনায় সভায় ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক এবং আইডিএলসি’র ব্যবস্থাপনা পরিচালকরা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।