২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী শ্রমিকদের আবাসনে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পসুদে ঋণ

তৈরি পোশাক কারখানার শ্র্রমিকদের আবাসন নির্মাণের জন্য কারখানা মালিকদের মাত্র দুই শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 11:11 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

বাংলাদেশ ব্যাংক পরিচালিত সরকারের গৃহায়ণ তহবিল থেকে এ ঋণ দেয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।

তিনি জানান, এজন্য বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। যাতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মাহফুজুর রহমান বলেন, “তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের, বিশেষত মহিলা শ্রমিকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেজন্য বাংলাদেশ ব্যাংক বিজিএমইএর মাধ্যমে পোশাক কারখানার মালিকদের এই ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

“এই ঋণের জামানতকারী হবে বিজিএমইএ। কারখানার মালিকদের কাছ থেকে বিজিএমইএ আবেদন নিয়ে তা যাচাই-বাছাই করে বাংলাদেশ ব্যাংকের কাছে দিবে। তার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঋণ দেবে।”

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, এই ঋণ পেতে পোশাক কারখানা মালিকের ঢাকাতে ২০ শতাংশ আর ঢাকার বাইরে ৪০ শতাংশ নিজস্ব জমি থাকতে হবে। ডরমেটরি নির্মাণের যে ব্যয় হবে, তার ৪০ শতাংশ বিনিয়োগ করতে হবে মালিককে। আর ৬০ শতাংশ দেবে বাংলাদেশ ব্যাংক।

এক্ষেত্রে জমির মূল্য যদি প্রকল্পের মোট খরচের ৪০ শতাংশ হয় তাহলে কারখানা মালিককে অতিরিক্ত কোনো বিনিয়োগ করতে হবে না। আর তার কম হলে বাকি অর্থ বিনিয়োগ করতে হবে।

ভূমিহীন ও দরিদ্রদের আবাসন ব্যবস্থা করতে সরকার এই গৃহায়ণ তহবিল গঠন করে। বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করে আসছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রান্তিক জনসাধারণকে আবাসন ব্যবস্থার জন্য এই ঋণ দেয়া হয়ে থাকে।

বর্তমানে তহবিলটির পরিমাণ ৩০০ কোটি টাকা। সরকারের কাছে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ২০০ কোটি টাকা তহবিল চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন ম. মাহফুজুর রহমান।