২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: নদী শাসনে সিনোহাইড্রোর সঙ্গে চুক্তি

পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 08:55 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

পদ্মা সেতু: নদী শাসনের কাজেও চীনা প্রতিষ্ঠান

সোমবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং সিনোহাইড্রো করপোরেশনের ডেপুটি সিইই লুই লুইসান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এ চুক্তি সাক্ষরের মাধ্যমে সেতু নির্মাণের প্রস্তুতিগত দিকগুলোর শেষ ধাপ আমরা অতিক্রম করলাম।

“আমি আপনারের আশ্বস্ত করতে চাই, সেতু নির্মাণ ও নদী শাসনসহ প্রকল্পের প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে সম্পাদনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে, দুনীতি বা কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

“নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন দেশের বৃহত্তম এ প্রকল্প যাতে সফলভাবে শেষ করতে পারি সেজন্য জনগণের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।”

সর্বনিম্ন দরদাতা হিসাবে চীনা প্রতিষ্ঠানটির প্রস্তাব গত সেপ্টেম্বর মাসে অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নদী শাসনে আর্থিক প্রস্তাবে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সিনোহাইড্রো সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। সিনোহাইড্রোর প্রস্তাবিত দর প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ কম।

এছাড়া বেলজিয়ামের প্রতিষ্ঠান ‘জান ডি নাল এনভি ট্রাগেল’ ১৬ হাজার ৪৩৮ কোটি টাকা এবং কোরিয়ার ‘হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি’ ১২ হাজার ১২২ কোটি টাকা প্রস্তাব করেছিল।

এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। মোট ব্যয়ের ৩০ শতাংশ বাংলাদেশী এবং ৭০ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে। চুক্তির মেয়াদ হবে ৪৮ মাস।

ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকায় চার বছরের মধ্যে সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেকটি চীনা কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে গত ১৭ জুন সরকারের এই চুক্তি হয়।