২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: নদী শাসনের কাজেও চীনা প্রতিষ্ঠান

ঢিমেতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজ করে সমালোচিত চীনের প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনকেই দেয়া হয়েছে আলোচিত পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

সর্বনিম্ন দরদাতা হিসাবে চীনা প্রতিষ্ঠানটির প্রস্তাব বুধবার অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

কমিটির বৈঠকে শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুর নদী শাসন কাজের ঠিকাদার হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনকে নিয়োগ দেয়া হয়েছে।”

প্রতিষ্ঠানটির সম্পর্কে কোনো অভিযোগ নেই বলেও জানান মুহিত।

তবে সিনোহাইড্রোর নির্মাণাধীন ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ বিলম্বিত হওয়া প্রসঙ্গে মুহিত বলেন, “আমাদের কারণেই দেরি হয়েছে। প্রকল্প এলাকায় মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায় এগুলো সরাতে সময় লেগেছে।”

বিভিন্ন প্রক্রিয়া শেষে চুক্তি করে নদী শাসনের কাজ শুরু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “আর্থিক প্রস্তাবে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সিনোহাইড্রো সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। সিনোহাইড্রো যে দর দিয়েছে সেটা প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ কম।

“এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। মোট ব্যয়ের ৩০ শতাংশ বাংলাদেশী এবং ৭০ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে।”

মোস্তাফিজুর রহমান জানান, অন্য যে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বেলজিয়ামের ‘জান ডি নাল এনভি ট্রাগেল’ ১৬ হাজার ৪৩৮ কোটি এবং কোরিয়ার ‘হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি’ ১২ হাজার ১২২ কোটি টাকা প্রস্তাব করেছিল।

ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকায় চার বছরের মধ্যে সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেকটি চীনা কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে গত ১৭ জুন সরকারের এই চুক্তি হয়।