২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের সুপারিশ

রেমিটেন্স পাঠানো সহজ করতে বিদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 07:06 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে প্রবাসে কর্মরত কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ এবং অন্যান্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পদক্ষেপ, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশগামী কর্মীদের ঋণ দেওয়ার বিষয়টি সহজীকরণ ও মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বে নারী কর্মী নিবন্ধনের নীতিমালা সম্পর্কে আলোচনা হয়। 

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কর্মীদের আরও সুযোগ সুবিধা বাড়ানোর জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বাড়ানো এবং দেশে রেমিটেন্স পাঠাতে বিদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের সুপারিশ করা হয় বৈঠকে।

বৈঠকে জানানো হয়, প্রবাসে বৈধভাবে যাওয়া কোনো কর্মী পঙ্গু ও অসুস্থ হলে এক লাখ টাকা সাহায্য দেওয়া হয়।

এছাড়াও মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান হিসেবে তিন লাখ টাকা এবং লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫ হাজার টাকা দেওয়া হয়।

বৈঠকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া বৃত্তির সংখ্যা আরো বাড়ানোরও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মো. শাহাব উদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, দিদারুল আলম এবং মো. আয়েন উদ্দিন বৈঠকে অংশ নেন।