২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনৈতিক চাপে’ মুহিতের নতি

বাড়ি ভাড়া ২৫ হাজার টাকার বেশি হলে তা ব্যাংকের মাধ্যমে পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করতে চাইলেও রাজনৈতিক চাপের কারণে পিছু হটতে হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 08:34 PM

Updated : 25 Apr 2022, 04:52 PM

“রাজনীতিতে অনেক কিছুই সমঝোতা করতে হয়, এক্ষেত্রেও তেমনটি হয়েছে,” সোমবার সাংবাদিকদের বলেছেন তিনি।

তবে এবার না পারলেও আগামী ২০১৫-১৬ অর্থবছর থেকে ২৫ হাজার টাকার বেশি বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে আদায় বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ব্যাংকের মাধ্যমে বাড়ি ভাড়া পরিশোধ নিশ্চিত করতে আয়কর আইনে সংশোধনী আনা হয়।

এতে বাড়ি ভাড়া ২৫ হাজার টাকার বেশি হলে ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিধান চালু হলেও তার কোনও প্রয়োগ দেখা যাচ্ছে না।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী লিন ফেদারস্টোনের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মুহিত ‘রাজনৈতিক চাপের’ কথা বলেন।

“কর ফাঁকি রোধেই আমরা এ বিধানটি করেছিলাম। কিন্তু নানা মহলের চাপে এতে তেমন সাড়া পাওয়া যায়নি। তবে আগামী অর্থবছর থেকে এটা বাধ্য করা হবে।”

বাড়ি ভাড়ার ক্ষেত্রে পরিকল্পনা সফল না হলেও সরকারের নানা পদক্ষেপে রাজস্ব আদায় অনেক বেড়েছে বলে জানান অর্থমন্ত্রী। 

“২০০৯ সালে আমরা যখন সরকার পরিচালনার দায়িত্ব নিই, তখন আমাদের ট্যাক্স-জিডিপি রেশিও (অনুপাত) ছিল ১০ শতাংশের নিচে, এখন তা বেড়ে ১৩ দশমিক ৮ হয়েছে।”

“আমাদের অর্থনীতির আকার বেড়েছে। এখন রাজস্ব আদায় বাড়াতেই হবে। এনবিআর দেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা করছে। সে সব জরিপের ভিত্তিতে আগামী বাজেটে রাজস্ব আদায় বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

এআইআইবি’র মাধ্যমে ‘লাভবান হব’

চীনের নেতৃত্বে নবগঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি)  যোগ দেওয়ায় বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে না বলে মনে করেন অর্থমন্ত্রী মুহিত।  

“আমাদের মতো বিশ্বের অনেক দেশই এআইআইবির সদস্য হয়েছে। এতে বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্কের কোনও অবনতি হবে না।”

এআইআইবিতে যোগ দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে মুহিত বলেন, বাংলাদেশ এখন বড় বিনিয়োগের জন্য প্রস্তুত। বড় ধরনের বিনিয়োগও প্রয়োজন। সে কারণে বিশ্ব ব্যাংক-এডিবির বাইরেও অন্যান্য উন্নয়ন সংস্থার কাছ থেকে সহায়তা নিতে হবে।

“চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগ-বাণিজ্য সম্পর্ক এখন বেশ ভালো। আমাদের কয়েকটি বড় প্রকল্পে তারা বিনিয়োগ করছে। সে কারণে তাদের নেতৃত্বে প্রস্তাবিত এআইআইবির সদস্য হলে আমরাই লাভবান হব।”

এশিয়া অঞ্চলের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গত বছর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এআইআইবি গঠনের ঘোষণা দেন।

গত ২৪ অক্টোবর এই ব্যাংকের যাত্রা শুরুর প্রথম অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। তার আগে বাংলাদেশ এআইআইবির সদস্য হতে একটি সমঝোতা স্মারকও সই করে।

আগামী বছর থেকে এআইআইবি কার্যক্রম শুরু করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।