২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমডিজি পূরণে প্রতিশ্রুত সহায়তা পায়নি ঢাকা

কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হলেও জাতিসংঘের বেঁধে দেয়া উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দাতাদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ পায়নি বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 05:32 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জনের হালনাগাদ প্রতিবেদনে একথা বলা হয়েছে।

রোববার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন ২০১৩’ প্রতিবেদন প্রকাশ করা হয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জেইডি) এটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “এমডিজি’র সব লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের ৭৮ দশমিক ২ বিলিয়ন ডলার প্রয়োজন। উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রতি বছর ৩ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য (ওডিএ)প্রয়োজন।

“কিন্তু গত ১৩ বছরে গড়ে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য পেয়েছে বাংলাদেশ। যা উচ্চ প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় ৩ বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক।

“এই তথ্যই প্রমাণ করে যে, বাংলাদেশের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাতে উন্নয়ন সহযোগীদের আরো সহায়তা করা উচিৎ।

“মূলত সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের নিজস্ব সম্পদ সমাবেশই মূখ্য ভূমিকা পালন করেছে।”

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহ উদ্দিন বলেন, ২০০০ সালে যখন এমডিজি লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয় তখন দাতারা বলেছিল তাদের মোট দেশজ আয়ের (জিএনআই) শূণ্য দশমিক ৭ শতাংশ তারা দেবে। কিন্ত গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে তারা দিয়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, গত ১৩ বছর গড়ে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য পেয়েছে বাংলাদেশ। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মোটেই যথেষ্ট নয়।

“তারপরও আমরা নির্ধারিত সময়ের আগেই দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।”

শিল্পোন্নত দেশগুলো তাদের জাতীয় আয়ের দশমিক ৭ শতাংশ সহায়তা হিসেবে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতি কিছুটা হলেও রেখেছে কেবল জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, কানাডা, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও নেদারল্যান্ডস।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত উন্নয়ন সহযোগী প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনাদের সহায়তা ছাড়া এমডিজি’র সবগুলো টার্গেট পূরণ করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানও বক্তব্য রাখেন।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

নতুন সহস্রাব্দে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর দরিদ্র মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে ২০১৫ সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্য কমানোর লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে ২০০০ সালে ১৮৯টি দেশের সরকার প্রধানরা মিলিত হয়ে আটটি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করে।

এটিই মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নামে পরিচিত।

আটটি উন্নয়ন লক্ষ্য হচ্ছে, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল, সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, জেন্ডার সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার কমানো, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি/এইডস ম্যালেরিয়া এবং অন্যান্য রোগব্যাধি দমন, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।

প্রতিবেদনে বলা হয়, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি সাধন করেছে। গত কয়েক বছর ধরে ৬ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে; যা দারিদ্র্য কমাতে ইতিবাচক অবদান রেখেছে।

টেকসই উন্নয়ন ও সুষম প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে কতিপয় সামাজিক সূচক যেমন- গড় আয় বৃদ্ধি এবং প্রজনন হার কমিয়ে আনা সম্ভব হয়েছে।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কারণে ১৯৯১-৯২ সালের ৫৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০০০ সালে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

“বিগত দশক অপেক্ষা বর্তমান দশকে দারিদ্র্য হার অধিক হ্রাস পেয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়-ব্যয় জরিপ ২০১০ অনুযায়ী, ২০০০-২০১০ মেয়াদে গড়ে প্রতিবছর দারিদ্র্য হার কমেছে ১ দশমিক ৭৪ শতাংশ হারে।

যদিও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের ১ দশমিক ২০ শতাংশ হারে দারিদ্র্য হ্রাস প্রয়োজন ছিল।

“এ হিসাবে ২০১৩ সাল শেষে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫ শতাংশ।”

২০১৩ সালের জুন শেষে এ হার আরও কমে ২৫ দশমিক ৫ শতাংশে নেমেছে বলে সম্প্রতি পরিসংখ্যান ব্যুরো এক প্রাথমিক হিসাব দিয়েছে।

ক্ষুধা নিরসনে অগ্রগতিসহ ২০১৫ সালের মধ্যে এমডিজি বাস্তবায়নে অনেক লক্ষ্যমাত্রা পূরণের পথে বাংলাদেশ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে আগামী ৫০০ দিনের (২০১৫ সাল) মধ্যে কর্মক্ষম সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, প্রাথমিক স্কুলে ভর্তি হওয়া শতভাগ ছাত্র-ছাত্রীর পঞ্চম শ্রেণি অতিক্রম, অকৃষি খাতে মহিলাদের ৫০ শতাংশের অংশগ্রহণসহ কয়েকটি অভিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

২০১০ সালে ইউএন এমডিজি পুরস্কার, ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট নামে সাউথ-সাউথ পুরস্কার এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ডিপ্লোমা পুরস্কার পেয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ ‘দ্য রাইজ অব দ্য সাউথ’ শীর্ষক মানব উন্নয়ন প্রতিবেদনে এমডিজিতে ভালো করেছে, এমন দেশের তালিকায় বাংলাদেশকে রাখা হয়েছে অষ্টাদশ স্থানে।