২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনীতিকরা আস্থাহীনতায়, সংসদ অকার্যকর’

বাংলাদেশে রাজনীতিকরা যেমন জনগণের আস্থা হারিয়েছে, তেমনি সংসদও অকার্যকর হয়ে পড়েছে বলে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিওইএফ) পর্যবেক্ষণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 12:35 AM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

বৈশ্বিক সক্ষমতা সূচকে এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদনে তাদের এই পর্যবেক্ষণ উঠে এসেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার প্রকাশিত এই প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে রাজধানীর ব্র্যাক সেন্টারে সংলাপের আয়োজন করে সিপিডি।

প্রতিবেদনটিকে উদ্ধৃত করে সিপিডি বলেছে, “বাংলাদেশের রাজনীতিবিদদের নৈতিকতা অত্যন্ত নিম্নমানের। সরকার পরিচালনায় রাজনীতিকদের ক্ষমতা খুবই কম। তাই বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা নেই।”

আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদকেও অকার্যকর বলে উল্লেখ করা হয়েছে ডব্লিওইএফের প্রতিবেদনে।

তবে অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রতিবেদনের এই তথ্যে দ্বিমত পোষণ করেন।

তিনি বলেন, “এই রিপোর্টে রাজনীতিবিদদের নিয়ে যা বলা হয়েছে তাতে আমি একমত নই। রাজনীতি না থাকলে দেশে কিছুই থাকবে না।

“রাজনীতি ও রাজনীতিবিদদের সমালোচনা করা যেতে পারে, তবে তার পরিধি থাকতে হবে। এভাবে ঢালাওভাবে বলা কতটা যৌক্তিক, তা ভেবে দেখা দরকার।”

অনুষ্ঠানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বর্তমান সরকারের কাছ থেকে সুশাসন আশা করা যায় না। অবৈধ সরকার দেশ পরিচালনা করছে তাই সুশাসনের অবনতি হবেই।

“ব্যাংক খাত থেকে ছয়-সাত হাজার কোটি টাকা লুট করা হয়েছে, যা সাধারণ মানুষের টাকা। সরকারের ব্যয় বাড়ছে কিন্তু অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।”

প্রতিবেদনে বলা হয়েছে, সব সরকারি প্রতিষ্ঠানেই ব্যবসায়ীদের সেবা দেয়ার সময় দুর্নীতির আশ্রয় নেয়া হয়। সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সহযোগিতাপূর্ণ সম্পর্কও নেই।

সরকারের রাজস্ব ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে বাংলাদেশে বাণিজ্য প্রসারে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে অপর্যাপ্ত অবকাঠামোকে। এরপরই রয়েছে দুর্নীতি এবং অদক্ষ আমলাতন্ত্র।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের চাহিদা অনুযায়ী অবকাঠামো উন্নয়ন হয়নি। তবে বিদ্যুতের ক্ষেত্রে অগ্রগতি হওয়ায় গত অর্থবছরে জিডিপিতে ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

“দেশের গুড গভর্নেন্সের অভাব আছে, দুর্নীতিও বেড়েছে। এটা একটা আতঙ্কের ব্যাপার। বিনিয়োগকারীদের আস্থা হাল্কা হয়ে গেছে। একারণে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্তহীনতায় আছে।”

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ে ব্যবসায়ীদের ধারণা নেতিবাচক, তাই বিষয়টির দিকে জরুরি ভিত্তিতে মনোযোগ দিতে হবে।

অতি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সরকারের মধ্যে অবহেলার মনোভাব আছে বলে দাবি করেন তিনি। শিল্প উৎপাদন বাড়াতে দক্ষতা উন্নয়ননির্ভর কারিগরি শিক্ষার ওপর সরকারকে বেশি নজর দিতে পরামর্শ দেন তিনি।

ডব্লিওইএফের সক্ষমতা সূচকে বাংলাদেশ এবার এক ধাপ এগিয়েছে।  ডব্লিওইএফের পক্ষে বাংলাদেশে সিপিডি প্রতিবছর বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে এই জরিপ চালিয়ে থাকে।

প্রতিবেদনের তথ্য-উপাত্ত তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০১৪ সালে বাংলাদেশ প্রতিযোগিতায় এক ধাপ এগোলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে।

“চীন, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পথে যেখানে দৌড়াচ্ছে, সেখানে বাংলাদেশ সেই পথে হাঁটছে।”

এই জরিপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, ভৌত অবকাঠামো, সামষ্টিক অর্থনীতি, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, পণ্য বাজারের দক্ষতা, শ্রম বাজারের দক্ষতা, অর্থবাজারের দক্ষতা, প্রযুক্তিগত উৎকর্ষ, বাজারের আকার, ব্যবসায়ে দক্ষতা এবং সৃজনশীলতার মতো ১২টি বিষয় বিবেচনা করা হয়।

সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংলাপে আলোচনা করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহী।