২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি কমছে: মন্ত্রী

আর্ন্তজাতিক বাজারে পণ্যমূল্য কমায় বাংলাদেশে মূল্যস্ফীতি কমছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 01:52 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

তবে বন্যা প্রলম্বিত হলে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশংকা করছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অগাস্ট মাসে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ০৪ শতাংশ।

‘মূল্যস্ফীতির এই নিন্মমুখী ধারা মূলত আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য পণ্যের দাম কমার কারণে হয়েছে’ উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, “আমাদের খাবারের জন্য যা প্রয়োজন হয় তার ৫০ শতাংশ দেশে উৎপন্ন হয়। বাকি অর্ধেক আমদানি করে মেটাতে হয়। বেশ কিছুদিন ধরে চালের দাম একই জায়গায় রয়েছে। মাঝে শাক-সবজির দাম কিছুটা বেড়েছিল।

“বিশ্ববাজারে দাম কমার কারণে আমাদের এখানে ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য পণ্যের দাম কমেছে। যার ফলে মূল্যস্ফীতিও কমতির দিকে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

‘এখন পর্যন্ত বন্যায় ফসলের তেমন ক্ষতি হয়নি’ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের কিছু কিছু এলাকায় বন্যা হয়েছে। এখন পর্যন্ত এটা স্বাভাবিক। প্রতি বছরই বন্যা হয়। বন্যা না হলে পলি আসবে না। মাটির উর্বরতা বাড়বে না।

“তবে বন্যা যদি প্রলম্বিত হয় তাহলে মূল্যস্ফীতির বাড়ার আশংকা রয়েছে। আর যদি বন্যা না বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য স্থিতিশীল থাকে তাহলে মূল্যস্ফীতির নিন্মমুখী ধারা অব্যাহত থাকবে।”

মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য জানাতে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী।

এখানে জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র বিমোচনসহ অর্থনীতির অন্যান্য সূচক নিয়েও কথা বলেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ বছরকে ভিত্তিবছর ধরে চলতি ২০১৪-১৫ অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি হিসাব) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ।

চলতি বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত এক বছরে (২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জুলাই) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ।

আগের একই সময়ে এ হার ছিল ৭ দশমিক ১৯ শতাংশ।

সংবাদ সম্মেলনে দেয়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অগাস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। জুলাইতে যা ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ।

জুলাই মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৭১ শতাংশ। অগাস্টে তা সামান্য বেড়ে হয়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ।