২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজারে রপ্তানিতে বাড়ছে সহায়তা

বস্ত্র খাতের নতুন পণ্য ও নতুন বাজারে রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের নগদ সহায়তার পরিমাণ এক শতাংশ বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:52 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার বিষয়ক কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে নতুন এই হারের কথা বলা হয়েছে।

এতে বলা হয়, “রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার জন্য সরকার পূর্ববর্তী বছরের মত চলতি অর্থবছরেও রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে রপ্তানির জন্য জাহাজিকৃত পণ্যের বিপরীতে এসব নগদ সহায়তা দেয়া হবে।”

সার্কুলারে মোট ১৪টি খাতের পণ্যের বিপরীতে ভিন্ন ভিন্ন হারে নগদ সহায়তা দেয়ার জন্য ব্যাংকগুলোকে বলেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, আমেরিকা, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে অন্য কোন বাজারে বস্ত্র খাতের পণ্য এবং এই খাতের নতুন পণ্য রপ্তানি করলে ৩ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে।

এ খাতে বিদায়ী অর্থবছরে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হতো। কিন্তু বাজার সম্প্রসারণ সুবিধা হিসেবে সরকার ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে অতিরিক্ত ১ শতাংশ বিশেষ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা রপ্তানিকারকদের নগদ সহায়তার সঙ্গে দেয়া হবে।

এছাড়া অন্যান্য সব খাতে আগের মতোই সহায়তা অব্যাহত থাকছে।

বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা হিসেবে ৫ শতাংশ নগদ সহায়তা দেয়া হবে।

রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাক সুবিধার পরিবর্তে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হবে। হোগলা, খড়, আখের ছোড়বা দিয়ে তৈরি পণ্য রপ্তানি করলে তার বিপরীতে রপ্তানিকারক ১৫ থেকে ২০ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন।

কৃষি পণ্য(শাক-সবজি ও ফলমূল) এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হবে।

হাড়ের গুড়া রপ্তানিতে ১৫ শতাংশ, হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ১০ শতাংশ, হালাল মাংস রপ্তানিতে ২০ শতাংশ, হিমায়িত চিংড়িতে ১০ শতাংশ এবং চামড়াজাত পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ নগদ সহায়তা থাকছে। জাহাজ রপ্তানিতে থাকছে ৫ শতাংশ নগদ সহায়তা।

আলু রপ্তানিতে ২০ শতাংশ, পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে ১০ শতাংশ, পাটজাত চূড়ান্ত পণ্যে ১০ শতাংশ এবং পাটের সুতায় সাড়ে ৭ শতাংশ নগদ সহায়তা দেয়া হবে।