২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে

গত বছরের রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতায় সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিয়ে দেশের ব্যাংক ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 10:03 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর পরিচালন মুনাফার চিত্র সে কথাই বলে দিচ্ছে।

২০১৪ সালের জুন শেষে হিসাবে দেখা যাচ্ছে, এবছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় বেসরকারি খাতের অধিকাংশ ব্যাংকের মুনাফা বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১৫টি ব্যাংকের প্রাথমিক হিসাবে দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারি-জুন সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে ১৪টি ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে।  

তবে ব্যাংকগুলোর নির্বাহীরা বলছেন, পরিচালন মুনাফা বেশি দেখা গেলেও যথাযথভাবে ঋণ শ্রেণিকরণ করলে এবং এর বিপরীতে প্রভিশন কেটে রাখা হলে মুনাফা কমে যাবে।

এবিবি’র চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি, গত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় এই ছয় মাসে (জানুয়ারি-জুন) পরিচালন মুনাফা বাড়তে পারে। তবে কর কেটে নেয়ার পর মুনাফা কমে যেতে পারে। কারণ ব্যাংকগুলোকে উচ্চ হারে প্রভিশন করতে হয়েছে।”

এতে ব্যাংকগুলোর ইপিএসও (আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়) কমে যেতে পারে বলে মনে করেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবছরের দেশের সামগ্রিক পরিস্থিতির তুলনায় এবছর পরিস্থিতি ভালো। আশা ছিলো আরো ভালো হবে। রাজনৈতিক অস্থিরতার রেশ এখনো কাটেনি। তবে আশার কথা হলো, বিনিয়োগ কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে।

“এখনও ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য রয়েছে, নন পারফর্মিং লোন বেড়েছে। একারণে বেশি প্রভিশন করতে হচ্ছে। আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্প্রেড কমানোর তাগিদ রয়েছে। এ অবস্থায় ভালো প্রফিট করার সুযোগ খুব বেশি নেই।”

এই ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় প্রায় দেড়শ’ কোটি টাকা কম হয়েছে। এবছর প্রথম ছয় মাসে ব্যাংকটি ৮৩০ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৭৪ কোটি টাকা।

পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এই মুনাফা থেকে খেলাপি ঋণ বাবদ প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি), সরকারের কর এবং এসএলআর বাবদ কোন ব্যাংকের ঘাটতি থাকলে তা বাদ দিয়ে প্রকৃত মুনাফা হিসেব করা হয়।

ব্যাংকগুলোর পরিচালন মুনাফার এই হিসাব প্রকাশে বিধিনিষেধ রয়েছে। পরিচালন মুনাফা মূল্য সংবেদনশীল তথ্য হওয়ায় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বিধি নিষেধ আরোপ করেছে। বাংলাদেশ ব্যাংকও বিএসইসির এই সিদ্ধান্তে সায় দিয়েছে।

এদিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ব্যাপকহারে কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসেবে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯০ শতাংশ। যদিও মুদ্রানীতিতে জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫০ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর কাছে বর্তমানে ১ লাখ ১০ হাজার কোটি টাকার উদ্ধৃত্ত তারল্য রয়েছে।

ব্যাংকিং খাতের অর্ধবার্ষিক পরিচালন মুনাফা:                    (জানুয়ারি-জুন, কোটি টাকায়)

ব্যাংকের নাম

২০১৪

২০১৩

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

৯৫

৭০

আল আরাফাহ

২৮০

১৯৫

পূবালী ব্যাংক

৩৪০

৩২৭

মার্কেন্টাইল ব্যাংক

২৩০

১৮১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

৮৩০

৯৭৫

এক্সিম ব্যাংক

২২৪

২১৪

আইএফআইসি

১৯৭

১৬৫

ব্যাংক এশিয়া

২৭৬

২৫৯

ইষ্টার্ন ব্যাংক

২৯৫

২৯২

সাউথ ইষ্ট ব্যাংক

৪১৬

৩০৭

ন্যাশনাল ব্যাংক

৪১৪

৩৫৩

ট্রাষ্ট ব্যাংক

১৮০

১০৯

প্রিমিয়ার ব্যাংক

১৫০

৫৫

ইউসিবিএল

৪২৩

২৯০

এনসিসি

১৭৫

১৫৯