‘গেইন ট্যাক্স’ প্রত্যাহার
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের ওপর করারোপের (গেইন ট্যাক্স) যে প্রস্তাব করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারের বিকাশ ও বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণ করমুক্ত সুবিধা পুনর্বহাল রাখার সুপারিশ করেছেন।
“প্রধানমন্ত্রীর সুপারিশ নির্দেশনা হিসেবে বিবেচনা করে বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণ করমুক্ত সুবিধা পুনর্বহাল রাখার জন্য সংসদকে অনুরোধ করছি।”
এছাড়া করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বৃদ্ধি করা এবং ৩০ শতাংশ বা অধিক লভ্যাংশ প্রদানকারী লিস্টেড কোম্পানিসমূহের প্রদেয় করের ১০ শতাংশ আয়কর রেয়াত প্রদানের প্রস্তাব বিবেচনার জন্য সংসদকে অনুরোধ করছি।”
৫ জুন অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের যে বাজেট প্রস্তা করেছিলেন তাতে গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়।
পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের লাভ ১০ লাখ থেকে ২০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে এবং ২০ লাখের বেশি হলে ৫ শতাংশ হারে কর দেয়ার প্রস্তাব করেছিলেন মুহিত।
পরে বিরোধী দল জাতীয় পার্টির উপস্থিতিতে ২০১৪ সালের অর্থ বিল সংসদে পাস হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের আর্থিক প্রস্তাবলী কার্যবকরণ এবং কতিপয় আইন সংশোধনে আনীত অর্থবিল, ২০১৪ সংসদে উত্থাপন করেন। পরে
তা কণ্ঠভোটে পাস হয়।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। গত ৩ জুন অধিবেশন শুরু হয়।
