২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা শাসনে ৩ প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাব

পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠানের চুক্তির পর প্রকল্পের নদী শাসন কাজের জন্য আর্থিক প্রস্তাব দিয়েছে তিনটি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 08:02 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

বৃহস্পতিবার আর্থিক প্রস্তাব জমা দেয়ার শেষ দিনে সেতু ভবনে কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড, বেলজিয়ামের জান ডি নাল এন ভি এবং চীনের সিনো হাইড্রো কর্পোরেশন তাদের প্রস্তাব জমা দেয়।

পরে এক সংবাদ ব্রিফিংয়ে যোগাযোমন্ত্রী ওবায়দুল কাদের জানান, যাচাই-বাছাই শেষে জুলাইয়ের শেষ সপ্তাহে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে থেকে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হবে।

মন্ত্রী বলেন, “যে কোনো ব্রিজ কন্সট্রাকশনের জন্যই নদী শাসন অত্যাবশ্যকীয় কাজ। পদ্মাসেতু নির্মাণের জন্য সেতু সংশ্লিষ্ট ১৪ কিলোমিটার এলকা নদী শাসনের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম। বৃহস্পতিবার ছিল আর্থিক প্রস্তাব জমা দেয়ার শেষ দিন।

“এখন টেকনিক্যাল কমিটি এই তিনটি প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই বাছাই করে একটিকে চূড়ান্ত করবে। আগামী জুলাই মাসে কমিটির সিদ্ধান্ত আপনাদের জানাতে পারব।”

দরপত্র আহ্বানের সময় আবেদনকারী কোম্পানিগুলোর মান নির্ধারণে বিশ্বব্যাংকের গাইডলাইন অনুসরণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

কোম্পানিগুলোর আর্থিক প্রস্তাব প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন,“ এটা টেকনিক্যাল কমিটির সদস্যরাই ভাল বলতে পারবেন।”

২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর নদী শাসন কাজের দরপত্র আহ্বান করা হয়। ৫টি প্রতিষ্ঠান আবেদন করলেও যথাযথ মান না থাকায় ২টি প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করেনি মূল্যায়ন কমিটি। বাদ পড়া ২টি কোম্পানি হচ্ছে পেন্টা ওশন কন্সট্রাকশন লি: এবং আরটিসি জয়েন্ট ভেঞ্চার।

পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ২০১১ সালে ১২০ কোটি ডলারের ঋণ সহযোগিতা চুক্তি হলেও সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি ঝুলে যায়। ২০১২ এর জানুয়ারিতে দেশের সবচেয়ে বড় এই প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংককে না বলে দেয় সরকার।

অবশেষে ১২ হাজার কোটি টাকায় সেতুর মূল অবকাঠামো নির্মাণে ১৭ জুন চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সরকার।