কর কমিয়ে ৩৫% চায় মার্চেন্ট ব্যাংকগুলো
নতুন অর্থবছরের বাজেট পাশের আগে করপোরেট ট্যাক্স কমিয়ে ৩৫ শতাংশ করার দাবি জানিয়েছে দেশের মার্চেন্ট ব্যাংকগুলোর নির্বাহীরা।
মঙ্গলবার সকালে হোটেল পূর্বাণীতে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে এই দাবি করা হয়।
বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর মতো মার্চেন্ট ব্যাংকগুলোর আয়ের ওপরও ৩৭ দশমিক ৫০ শতাংশ কর আরোপিত আছে। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে বিদ্যমান করহার ২৭ দশমিক ৫০ শতাংশ।
গত ৫ জুন জাতীয় সংসদে উপস্থাপিত নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর কর্পোরেট কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে ব্যবসায়িক টার্নওভারের ওপর ন্যূনতম কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে তালিকাভুক্ত নয় এমন আর্থিক খাতের কোম্পানিগুলোর জন্য ৩৭ শতাংশ ৫০ কর বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া তালিকাভুক্ত কোম্পানি, ব্যাংক, বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ফোন কোম্পানিগুলোর করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর কর ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে বিদ্যমান ২৭ দশমিক ৫০ শতাংশ করহার রাখার প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএমবিএর সহ-সভাপতি এইচ সান্নামাত বলেন, নন-লিস্টেড কোম্পানি হলেও মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর আরোপিত করহার কমানোর প্রস্তাব করা হয়নি। সরকারের মার্চেন্ট ব্যাংকের ওপর গুরুত্ব দেওয়া উচিত। এক্ষেত্রে নন-লিস্টেড কোম্পানির মতো মার্চেন্ট ব্যাংকের ওপর ৩৫ শতাংশ করারোপ করা উচিত।
সান্নামাত বলেন, “ক্যাপিটাল গেইনের ওপর উৎসে করারোপের সিদ্ধান্ত বাজারের জন্য নেতিবাচক হবে। আমার মনে হয়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে খুব বেশি চিন্তা-ভাবনা করা হয়নি। এই সিদ্ধান্তগুলো সরাসরি বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলেছে।
“সরকার পুঁজিবাজারকে গুরুত্ব দিচ্ছে না বিনিয়োগকারীদের মধ্যে এমন মনোভাবের জন্ম দিচ্ছে। তাই ক্যাপিটাল গেইনের ওপরে আরোপিত উৎসে কর প্রত্যাহার করা উচিত।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সেক্রেটারি জেনারেল মশিউর রহমান ও নির্বাহী সদস্য মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
