গ্যাস-বিদ্যুৎসহ ৫ প্রকল্পে জাইকার ১১৮ কোটি ডলার ঋণ
গ্যাস ও বিদ্যুৎ খাতের দুই প্রকল্পসহ পাঁচটি বড় প্রকল্পে নামমাত্র সুদে বাংলাদেশকে নয় হাজার ২০০ কোটি টাকার ( ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার) ঋণ দেবে জাপান।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) মধ্যে এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে জাইকার পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির ঢাকা অফিসের প্রধান মিকিও হাতাদা ও বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. মেজবাহউদ্দিন।
এসময় সফররত জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।
গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় ৬০০ কোটি ডলারের যে ঋণ সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল তার প্রথম পর্যায়ের পাঁচ প্রকল্পে ১১৮ কোটি ডলারের এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হল।
বাংলাদেশে জাপান সরকারের ৩৫তম ওডিএ ঋণ প্যাকেজের আওতায় এই ঋণ-সহায়তা দিচ্ছে জাইকা।
বরাবরের মত জাইকার এই ঋণের বার্ষিক সুদের হার হচ্ছে শূন্য দশমিক ০১ শতাংশ, যা ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “জাপান বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার। পাঁচ প্রকল্পে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের যে চুক্তি হল তা অনেক বড় অর্থায়ন। এসব প্রকল্প বাস্তবায়ন হলে এ দেশের আর্থ সামাজিক খাতে আরো উন্নতি হবে।
“জাপান অনেক আগে থেকেই স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।”
মাতারবারি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প
চুক্তির আওতায় তিন হাজার ১৫৪ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় ১২০০ মেগাওয়াট (৬০০ মেগাওয়াটের দুটি কেন্দ্র) আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক প্রকল্প স্থাপন করা হবে।
প্রকল্পের আওতায় কয়লা আমদানির জন্য জেটি নির্মাণ, সঞ্চালন লাইন ও সেতুসহ সড়ক অবকাঠামো নির্মাণ, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী বিদ্যুতায়ন ও টাউনশিপ গঠনের কাজ করা হবে।
এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার ৮৫ শতাংশ অর্থ বিভিন্ন পর্যায়ে জাপান সরকার দেবে। প্রাথমিকভাবে ৩ হাজার ১৫৪ কোটি ২৬ লাখ টাকা দেবে জাইকা। ২০২২ সালে এ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যহার প্রকল্প
প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার প্রকল্প প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ধনুয়া থেকে এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে নলকা পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ, নরসিংদী গ্যাস ফিল্ড ও তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস কম্প্রেসার স্থাপন এবং ঢাকা ও চট্টগ্রামের অবাসিক এলাকার জন্য প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে।
এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৩৪ কোটি টাকা, যার ৬৫ শতাংশ অর্থ বিভিন্ন পর্যায়ে জাপান সরকার দেবে। প্রাথমিকভাবে এক হাজার ৭৯৩ কোটি ৬৮ লাখ টাকা দেবে জাইকা। ২০২২ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।
ইনক্লুসিভ সিটি গর্ভনেন্স প্রকল্প
এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, মৌলিক নাগরিক সেবাসমূহের পরিবৃদ্ধি, জীবনযাত্রার পরিরবেশ ও মান উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।
এর মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৮৭৫ কোটি টাকা, যার ৮১ শতাংশ অংশ দেবে জাইকা।
প্রকল্পের আওতায় এ সব এলাকায় গর্ভনেন্স ইমপ্রুভমেন্ট ও দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং পরামর্শক সেবা দেওযা হবে।
২০২০ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে।
বন্যা প্রতিরোধ ব্যবস্থাপনা প্রকল্প
এ প্রকল্পের অধিনে বাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সুনামগঞ্জের হাওড় এলাকায় বন্যা প্রতিরোধ ব্যবস্থাপনা উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষি ও মৎস সম্পদ উন্নয়ন করা হবে।
প্রায় দুই হাজার কোটি টাকার এ প্রকল্পে ৫৮ শতাংশ অর্থ দেবে জাপান।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উন্নয়ন প্রকল্প
৭৫৮ কোটি টাকার প্রকল্পের প্রায় পুরোটা ( ৯২ শতাংশ) দেবে জাপান। প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে সহায়তা, কৃষির উৎপাদন, ও বহুমুখীকরণ নিশ্চিত, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং পশুসম্পদ পরিপালনে ঋণ সহায়তা করা হবে।
২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
