২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট অধিবেশন শুরু

দশম সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, এই অধিবেশনে আগামী বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার বিকালে অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত জানিয়ে বলেন, বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়। এটি সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার চিত্র।

প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যদের সাধারণ আলোচনায় অংশ নিয়ে গঠনমূলক বক্তব্য দেয়ার আহ্বান জানান তিনি।

“আপনাদের গঠনমূলক আলোচনা-সমালোচনা ও বিশ্লেষণের মধ্য দিয়ে বাজেট অর্থবহ হবে। আপনাদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ এ বাজেট অধিবেশন কার্যকর হবে এটাই প্রত্যাশা।”

অর্থমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনার পর ২৯ জুন বাজেট পাস হবে। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে।

মঙ্গলবার অধিবেশন শুরুর পর সংসদ সদস্য নাসিম ওসমানসহ অন্যদের শোক প্রস্তাবের ওপর আলোচনার পর অধিবেশন বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন আবুল কালাম আজাদ, মীর শওকত আলী বাদশা, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, কাজী ফিরোজ রশিদ ও ফজিলাতুন নেসা।

স্পিকার বা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ অধিবেশন পরিচালনা করবেন।

অধিবেশন ৩ জুলাই পর্যন্ত

অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেয়া হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রতিদিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। তবে ২৮ ও ২৯ জুন অধিবেশন বসবে সকালে।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহাম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ,শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আবুল হাসনাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইনউদ্দীন খান বাদল, আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

বিশৃঙ্খলা না করার আহ্বান

বাজেট নিয়ে যথাযথভাবে আলোচনা করতে জাতীয় পার্টির সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বিশৃঙ্খলা সৃষ্টি, ফাইল ছোড়াছুড়ি না করতে তিনি নিষেধ করেছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক হয়।

তাজুল সাংবাদিকদের বলেন, বৈঠকে মূলত বাজেট বাজেট নিয়েই আলোচনা হয়েছে।

“আমরা এই দশম সংসদের বিরোধী দল। সেই হিসেবে আমাদের দায়িত্ব অনেক। মাননীয় নেত্রী বলেছেন, আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। পূর্বকার বিরোধী দলের মত বিশৃঙ্খলা সৃষ্টি, ফাইল ছোড়াছুড়ি না করি।”

পুরনো খবর:

দুর্নীতি-সন্ত্রাস প্রশ্রয় দেয়া বেদনার: মুহিত
সামাজিক খাতে বরাদ্দ নিয়ে ভাবনা মির্জ্জা আজিজের