সামাজিক খাতে বরাদ্দ নিয়ে ভাবনা মির্জ্জা আজিজের
বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এই বরাদ্দ বাড়নো উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০০৮-০৯ অর্থবছরের পর থেকে সামাজিক নিরাপত্তার বরাদ্দ আনুপাতিক হারে গত কয়েক বছর ধরে কমে যাচ্ছে। এটাকে বাড়ানোর প্রয়োজন আছে।”
চলতি অর্থবছরের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ রয়েছে ২০ হাজার ৪০৫ কোটি টাকা, যা রাজস্ব বাজেটের ১৩ দশমিক ১৫ শতাংশ।
আগের অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১৭ হাজার ৯৭০ কোটি টাকা, যা রাজস্ব বাজেটের ১৩ দশমিক ২৭ শতাংশ ছিল।
আসন্ন বাজেট নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে মির্জ্জা আজিজ বলেন, যে বাজেট প্রস্তাব করা হবে তা বাস্তবায়নে সমস্যা হতে পারে।
“বাজেটে রিয়ালিস্টিক অ্যাপ্রোচ থাকা উচিৎ। আমাদের মতন দেশে কিছু অ্যাম্বিশন অবশ্যই লাগবে, প্রত্যেক সরকারেই ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। তবে এই অ্যাম্বিশন হতে হবে বাস্তবতার সঙ্গে সম্পর্কিত।”
৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন, যে বাজেটের আকার প্রায় আড়াই লাখ কোটি টাকা হবে বলে অর্থমন্ত্রী এর আগে জানিয়েছেন।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রথমে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা ধরা হলেও পরে তা প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো হয়।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরে এখন তা ৬০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
“একটা হলো অর্থায়ন। যেমন ১ লাখ ৫০ হাজার কোটি টাকা এনবিআর থেকে আদায়ের জন্য ধরা হয়েছে; এ লক্ষ্য অর্জন করা ডিফিকাল্ট হবে। বৈদেশিক সাহায্যের পরিমাণ ২৭ হাজার কোটি টাকাও পূরণ করা কঠিন হবে।”
আগামী অর্থবছরের (২০১৪-২০১৫) জন্য ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।
অনুমোদিত এডিপির মধ্যে নিজস্ব তহবিল থেকে ৫২ হাজার ৬১৫ কোটি টাকা যোগান দেয়া হবে। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা।
বাজেটের অন্যান্য বিষয় নিয়ে আজিজুল ইসলাম বলেন, বরাদ্দের ক্ষেত্রে যোগাযোগকে মনে হয় সর্বাধিক প্রাধ্যান্য দেয়া হচ্ছে, সেটা ঠিকই আছে। বিদ্যুৎ হয়তো দ্বিতীয় স্থানে থাকবে সেটাও ঠিক আছে।
এছাড়া উৎপাদন খাতে যে প্রণোদনা দেয়া হচ্ছে তা নির্দিষ্ট সময়ের জন্য হওয়া দরকার বলেও মনে করেন মির্জ্জা আজিজুল ইসলাম।
“উৎপাদনের জন্য যে প্রণোদনাগুলো দেয়া হয় সেটা একটা নির্ধারিত সময়ের জন্য দেয়া উচিৎ এবং পারফরম্যান্সের সঙ্গে এটা সম্পর্কিত করা উচিৎ।”
