দুর্নীতি-সন্ত্রাস প্রশ্রয় দেয়া বেদনার: মুহিত
অর্থমন্ত্রীর ব্যস্ততা নিয়ে ব্যস্ততার উদাহরণ হয়, অর্থমন্ত্রীর হিসাব-নিকাশ উদাহরণ হয় কৃপণতারও। অর্থমন্ত্রীরা চাঁছাছোলা হন নিয়ম মাফিক। দীর্ঘদিন আবুল মাল আবদুল মুহিতকে যারা জানেন এবং চেনেন তারা মানবেন তিনি চাক্ষুস ব্যতিক্রম। সাহিত্যের মেধাবী ছাত্র মুহিত প্রথাগত অর্থমন্ত্রীর ধাঁচে কিছুই করেন না প্রায়। এমনকি বাজেট বক্তৃতার সংখ্যা আর অংকের ভিড়েও তার সাহিত্যমন উঁকি দেয়। আশির ঘরে এসেও সপ্রাণ এই সাবেক সরকারি কর্মকর্তা যৌবনের উদ্দীপনা নিয়ে কাজ করেন। টানা বাজেট দেয়ার ক্ষেত্রে তিনি এবার রেকর্ড করবেন। রোজকার ব্যস্ততার ফাঁক গলে সময় বের করতে না পেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছিকে সময় দিতে পারলেন পারিবারিক প্রয়োজনে নিজ শহর সিলেট ভ্রমণের সময়। সিলেটের সার্কিট হাউসে ঘণ্টাখানেক আলাপচারিতায় শহরের কৃতি সন্তান হিসেবে স্বীকৃত মুহিত বললেন, বাংলাদেশ নিয়ে তার স্বপ্ন আর বেদনার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত গণতান্ত্রিক ব্যবস্থায় এক সরকারের পাঁচটি বাজেট দেয়ার পর সেই দলের আরেক সরকারের মেয়াদে প্রথম বাজেট দিতে যাচ্ছেন। অর্থ্যাৎ টানা ছয়টি বাজেট দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন আপনি। কেমন লাগছে আপনার?
আবুল মাল আবদুল মুহিত: এ কথা ঠিক যে, স্বাধীনতার পর এই প্রথম একটি নির্বাচিত সরকার পাঁচটি বাজেট দেওয়ার পর আবার ক্ষমতায় এসে আরেকটি বাজেট দিতে যাচ্ছে। আর সেই দুই সরকারেরই অর্থমন্ত্রী হিসেবে টানা ছয়টি বাজেট দিতে যাচ্ছি আমি।
অবশ্যই আমার ভাল লাগছে। আরও ভাল লাগছে এই পাঁচ বছরে আমরা আমাদের অর্থনীতিকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছি। সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করেই এটা করেছি আমরা।
তবে এক সরকার টানা দুই মেয়াদে ক্ষমতায় আসার সুবিধাও আছে। আবার অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে- আমরা গত পাঁচ বছরে যে সব কাজ করেছি তার একটি ধারাবাহিকতা রক্ষা করতে পারব। এইটা আমাদের সুবিধা। আর অসুবিধা হল- আমাদের দেশের বাস্তবতায় কোন সরকার যখন পাঁচ বছরের কর্মসূচি নিয়ে সরকার পরিচালনা শুরু করে তখন সবাই ধরেই নেয় যে, অনেক কিছুই শুরু হবে। কিন্তু সব কিছু শেষ করে যেতে পারবে না। এটা একটা সময়ের ব্যাপার। আমরা অনেক সময় পার পেয়ে যাই যে, রেখে গেলাম পরের সরকার করবে।
কিন্তু এবার আমাদের সেই সুযোগটি নেই। আমরা গত পাঁচ বছরে যা কিছু বলেছি, যা কিছু শুরু করেছি বা শুরু করতে পারিনি- তার সব কিছুই এখন সিরিয়াসলি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। দেশের প্রতি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনার এবারের বাজেট অন্য বাজেটগুলোর চেয়ে কোন কোন দিক দিয়ে আলাদা?
আবুল মাল আবদুল মুহিত: আমার শুরুর বক্তব্যেই ধারণা পেয়েছো যে, আমার এবারের বাজেট অন্য বাজেটের চেয়ে মৌলিক দিক দিয়েই আলাদা। কেননা, আমাদের কাছে জনগণের প্রত্যশা অনেক বেশি। যে সব কাজ আমরা শুরু করেছিলাম সেগুলোর বাস্তবায়ন শেষ করতে হবে। আবার নতুন যেগুলো হাতে নেব- সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদেরকেও স্বচ্ছতা ও সতর্কতার সঙ্গে পথ চলতে হবে।
এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা আমাদের অর্থনীতিকে যে মাত্রায় নিয়ে গেছি- সেই অর্থনীতিতে আমাদের অনেক অনেক বড় বড় কাজ হাতে নিতে হবে। সেই বড় বড় চিন্তা আমরা করছি। নতুন বাজেটেও সে ব্যাপারে নানা কর্মসূচি থাকবে। তাই এটা একদিক দিয়ে আনন্দের। আবার অন্য দিক দিয়ে কষ্টের। কষ্টের হল- ওই যে, আমরা আমাদের অর্থনীতিকে যে উচ্চমার্গে নিয়ে গেছি- সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। দেশের মানুষও সেটা প্রত্যাশা করে।
সৌভাগ্যবশত আমাদের হাতে দুটি বড় কাজ রয়েছে। প্রথমটি হল- পদ্মা সেতু। আর দ্বিতীয়টি হল- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজটি শুরু হয়েছে। চীনা কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলার কারণে কাজটি শেষ হচ্ছে না। এগুলো হয় অবশ্য। বড় কন্ট্রাক্টে এ ধরণের ঝামেলা হয়। সব ঝামেলা মিটিয়ে ফেলেছি। এখন এর কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছি।
পদ্মা সেতু এবং ফোর লেনের পাশাপাশি মেট্রো রেল ও ঢাকার অদূরে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। মেট্রো রেলের কাজ আগামী বাজেট থেকে শুরু করতে পারব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এবার বাজেট দিতে গিয়ে আপনার সামনে কোন বিষয়টিকে সবচেয়ে চ্যালেঞ্জের বলে মনে হচ্ছে?
আবুল মাল আবদুল মুহিত: আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে- শিল্পায়ন। সবচেয়ে বড় দুর্বলতা কর্মসংস্থান। শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান হবে না। আর বিনিয়োগ বাড়ানোর মাধ্যমেই এই চ্যালেঞ্জ ও দুর্বলতা দূর করতে হবে।
বিনিয়োগের ক্ষেত্রে এতোদিন যে প্রতিবন্ধকতা ছিল- তা কেটে গেছে। বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। তবে সংকট আছে- আমি স্বীকার করছি। অনেক চেষ্টা করেও আমরা গ্যাস উৎপাদন বাড়াতে পারছি না। যে করেই হোক আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে যেতেই হবে। এজন্য আমাদের কয়লা নীতি প্রণয়ন করতে হবে। আর দ্রুতই এই নীতি করা প্রয়োজন বলে আমি মনে করি।
একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। বিনিয়োগ বাড়াতে হলে অবকাঠামো খাতের উন্নয়ন করতেই হবে। আর এজন্য বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতেই হবে। গ্যাস সমস্যার কারণে সেগুলো কয়লাভিত্তিক করতে হবে। এছাড়া বিকল্প আর কোন পথ নেই। তা না হলে ২০১৭ সালের পর সমস্যা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিনিয়োগের জন্য খুবই সহায়ক। কিন্তু বাংলাদেশে সে পরিবেশ স্থায়ী হয় না। এ পরিস্থিতিতে বিনিয়োগ বাড়বে- এ নিশ্চয়তা দেয়া যায় কী?
আবুল মাল আবদুল মুহিত: এ কথা ঠিক যে, আমাদের দেশে দীর্ঘদিনের যে সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতি তা বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের বিনিয়োগকারীদের এই প্রতিবন্ধকতা মেনে নিয়েই বিনিয়োগ করতে হবে।
তবে আশার কথা হচ্ছে, বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। এই স্থিতিশীলতা আগামী পাঁচ বছর থাকবে বলে আমার বিশ্বাস।
কেননা, সামরিক শাসনের মধ্য দিয়ে জন্ম নেয়া জিয়া সাহেবের আদর্শহীন বিএনপি রাজনীতির যে খেলা এতোদিন খেলেছে তাতে ধীরে ধীরে তারা মার্জিনালাইজড হয়ে যাবে। আদর্শ নয়, ভোগ-লালসা- দুর্নীতির সুযোগ করে দেয়ার জন্য শাহ আজিজসহ অনেক অনেক আদর্শহীন লোককে দলে ভিড়িয়েছিলেন জিয়াউর রহমান। এখন সেই আদর্শহীন দল জনগণ থেকে বিচ্ছিন্ন। সেদিন বেশি দূরে নয়, যে দিন দেখতে পাওয়া যাবে এই দলটি বিলীন হয়ে গেছে। সেই জায়গা দখল করেছে অন্য কোন দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: শোনা যাচ্ছে, বাজেটে পদ্মা সেতু নির্মাণে বড় বরাদ্দ রাখা হচ্ছে। দেশের সবচেয়ে বড় অবকাঠামো এই প্রকল্প নিয়ে অম্ল-মধুর সব ঘটনা। এবার আসলে কী হবে?
আবুল মাল আবদুল মুহিত: প্রথমেই বলছি, পদ্মা সেতু আমরা নিজেরাই করছি। ইতিমধ্যেই আমরা একটি চীনা প্রতিষ্ঠানকে মূল সেতু নির্মাণের কাজ দিয়েছি। এ কথা ঠিক যে, এই সেতু নিয়ে অনেক জল্পনা-কল্পনা, কথা-বার্তা হয়েছে। আজ আর সে সব কথা নয়। আমরা অতি শিগগিরই পদ্মা সেতুর কাজ শুরু করব। এবং জোর দিয়ে বলছি- আমাদের সরকারের এই মেয়াদেই পদ্মা সেতুর কাজ শেষ করে যাব। চার বছরেই এ কাজ শেষ করব আশা করছি।
আর এজন্য এবারের বাজেটে উন্নয়ন ও রাজস্ব বাজেট মিলিয়ে মোটা অংকের বরাদ্দ রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এবার দিয়ে আটটি বাজেট দিচ্ছেন। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান ১২টি বাজেট দিয়েছিলেন। আর কয়টি বাজেট দিতে চান আপনি?
আবুল মাল আবদুল মুহিত: আরও পাঁচটি বাজেট দিয়ে যেতে চাই। দোয়া করবে যেন সুস্থ থাকি। এবার নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। আশা করছি, সফলভাবে সে দায়িত্ব পালন করে যেতে পারব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবে?
আবুল মাল আবদুল মুহিত: কেন থাকবে না। অবশ্যই থাকবে। আমি তো আগেই বলেছি, খালেদা জিয়ার বিএনপি’র জ্বালাও-পোড়াও এর রাজনীতি এই দেশের মানুষ আর কখনই মেনে নেবে না। আওয়ামী লীগ উন্নয়নের যে ধারা শুরু করেছে তা অব্যাহত রাখতেই দেশের মানুষ আওয়ামী লীগকে ফের ক্ষমতায় এনেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এই বয়সে এসে আপনার কোন স্বপ্নের কথা মনে পড়ে কী?
আবুল মাল আবদুল মুহিত: সত্যিই কথা বলতে কী- এই মুহূর্তে দুটি স্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়ায়। প্রথমটি হচ্ছে- পদ্মা সেতু। আর আরেকটি- ঢাকা-চট্টগ্রাম চার লেন। আশা করছি- এই স্বপ্ন আমার পূরণ হবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার কত হবে?
আবুল মাল আবদুল মুহিত: আমার এবারের বাজেটের আকার দুই লাখ ৫০ হাজার কোটি টাকা হবে। অর্থনীতি বাড়ার সাথে সাথে বাজেটের আকারও বেড়েছে। বেড়েছে রাজস্ব আয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি বলেছেন, আয়কর অধ্যাদেশে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ছাড়া এবারের বাজেটে সুনির্দিষ্ট কোন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না। এর আগেও আপনি একই কথা বলেছিলেন। কিন্তু শেষ মূহুর্তে এসে নানা মহলের চাপে এই সুযোগ দিয়েছিলেন। সে ধরনের চাপ এবারও এলে কী করবেন?
আবুল মাল আবদুল মুহিত
: আমি আবারও বলছি, আয়কর আইনে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগের বাইরে কালো টাকা সাদা করার কোন সুযোগ দেয়া হবে না। কেননা, এই সুযোগ দিয়ে কখনই ভাল ফল পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ ব্যাপারে কোন চাপ নেই। আর চাপ এলেও কোন অবস্থাতেও সে সুযোগ দেয়া হবে না। আইনে যা আছে সে সুযোগই দিতে হবে। বাইরে কোন কিছু নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: দীর্ঘদিন বাংলাদেশের অর্থনীতির হাল ধরে আছেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন বেশ কিছুদিন। তৃপ্তি আর অতৃপ্তির বিষয়টি যদি বলতেন।
আবুল মাল আবদুল মুহিত: প্রথমে তৃপ্তির বিষয়টি বলি। আর সেটি হচ্ছে রাজস্ব আদায়। নানা প্রতিকূলতার মধ্যেও রাজস্ব আদায়ে আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। পাঁচ বছর আগে আমি যখন বাজেট দেই তখন রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৫৩ হাজার কোটি টাকা। সেই রাজস্ব দ্বিগুণেরও বেশি বেড়ে এখন এক লাখ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেয়া হবে। বেশ কিছু নতুন খাতকে করের আয়তায় আনা হবে।
আর অসন্তুষ্টি বা অতৃপ্তির বিষয়টি যদি বলি তাহলে প্রথমেই বলতে হয় দুর্নীতি। অনেক বড় বড় দুর্নীতিবাজ লাই পেয়ে যায়। এটা একটা বড় অসন্তুষ্টি। নো, এভাবে চলতে পারে না। এই দুর্নীতিবাজদের প্রশ্রয়কে আমার বড় অসন্তুষ্টি দেয়। এবং আরেকটি এ রকমই কাজ হয়। সেটি হচ্ছে- সন্ত্রাসীরা প্রশ্রয় পায়। এই দুর্নীতিবাজ এবং সন্ত্রসীদের আশ্রয়-প্রশয় আমাকে বেদনা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনার দলও তো এই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে অভিযোগ আছে।
আবুল মাল আবদুল মুহিত: আমি স্বীকার করছি, আমার দলও এদের আশ্রয়-প্রশ্রয় দেয়। আমি এও বলছি এদেরকে কোনো অবস্থাতেই লাই দেওয়া উচিৎ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনাকে ধন্যবাদ।
আবুল মাল আবদুল মুহিত: ধন্যবাদ।
