‘সিপিডি গবেষণা নয়, ধারণার ওপর কথা বলে’
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, তারা ধারণার ভিত্তিতে বিশ্লেষণ করে।
সোমবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “সিপিডির কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। জিডিপির তথ্য পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছেই থাকে। সিপিডি যেটা করে তা হলো ধারণার ভিত্তিতে বিশ্লেষণ। এ বিশ্লেষণ অনেক সময় সঠিকও হতে পারে, আবার নাও হতে পারে।”
বিকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সিপিডি’র সংশয়ের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন লোটাস কামাল।
চলতি ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে প্রাথমিক তথ্য প্রকাশ করেছে বিবিএস।
রোববার এক সংবাদ সম্মেলনে এই প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “রাজনৈতিক অস্থিরতায় সেবা খাতে ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও এ খাতের নয়টি উপখাতেই আগেরবারের চেয়ে বেশি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। যা বিস্ময়কর মনে হচ্ছে।”
সিপিডির সংশয়ের জবাব দিতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “সেবাখাতে প্রবৃদ্ধি হওয়ায় যথেষ্ঠ কারণ রয়েছে। গত ছয় মাসে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে ২০শতাংশ। কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৫ শতাংশ। অপরদিকে আমদানি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।”
সেবাখাতের অন্যতম উপখাত পরিবহন খাত নিয়ে মন্ত্রী বলেন, “গত বছরের তুলনায় বাস, ট্রাক ও অটো রিকশা যথাক্রমে শতকরা ২ দশমিক ২ ভাগ, ৫ দশমিক ৮ ভাগ এবং ৯ দশমিক ৬ ভাগ বৃদ্ধি পেয়েছে। যা চূড়ান্তভাবে সেবাখাতে প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলেছে।”
মন্ত্রী আরো বলেন, “এ বছর ব্যাংকিং খাতে ফি ও কমিশন গত বছরের তুলনায় ১৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ২০ ভাগ মহার্ঘ ভাতা বৃদ্ধি সেবাখাতে প্রবৃদ্ধি বৃদ্ধিতে অবদান রেখেছে।”
সরকারি স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা এবং রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধিও সেবাখাতে প্রবৃদ্ধিতে অবদান রেখেছে বলে মনে করেন লোটাস কামাল।
প্রতি বছর ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এডিবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে উন্নয়ন সংস্থা এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি’র সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী।
এডিবি আবাসিক প্রধান বলেন, “বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। লিঙ্গ বৈষম্য, জনসম্পদ তৈরি, আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, সামাজিক উন্নয়নসহ নানা ধরনের কার্যক্রমে বাংলাদেশ কার্যকর সফলতা দেখাচ্ছে।”
বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে বলেও জানান তিনি।
‘বাংলাদেশের সাথে এডিবির সুসম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে’ মন্তব্য করে তিনি বলেন, “এডিবি এ পর্যন্ত বাংলাদেশে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বর্তমানে এডিবি ৫৮টি প্রকল্পে বিনিয়োগ করছে।
“বন্যা ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন, রেল যোগাযোগ উন্নয়ন, নদী শাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশল, সেচ ব্যবস্থাপনাসহ মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করছে এডিবি।”
কাজুহিকো হিগুচি বলেন, “এ বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৪ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করছে এডিবি। আগামী বছর থেকে তা ১০০ কোটি ডলারে দাঁড়াবে।”
