পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চুক্তির ক্রয় প্রস্তাব অনুমোদন
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম প্রকল্প) প্রকল্পের আওতায় ঠিকাদার এটমস্ট্রয়এক্সপোর্ট থেকে তৃতীয় চুক্তির আওতায় সেবা ও কার্যাদির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন,“ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম প্রকল্প) প্রকল্পের আওতায় রাশিয়ান ফেডারেশনের নির্ধারিত ঠিকাদার এটমস্ট্রয়এক্সপোর্ট থেকে তৃতীয় চুক্তির আওতায় সেবা ও কার্যাদির ১৯০ মিলিয়িন ইউএস ডলার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।”
এটমস্ট্রয়এক্সপোর্ট ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে চারটি চুক্তির মাধ্যমে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
“চুক্তির শর্তানুযায়ী উভয় চুক্তির চুক্তিমূল্যের ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করা হয়েছে এবং চুক্তি দু’টির আওতাধীন কাজ চলছে।”
“তৃতীয় চুক্তির আওতায় কাজ প্রথম ও দ্বিতীয় চুক্তির আওতাধীন কাজের সাথে একসাথে বাস্তবায়িত হবে।”
গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।
সভায় খুলনা ওয়াসার বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ’ প্রকল্পের এডিবি কম্পোনেন্টের অধীনে ‘ক্লিয়ার ওয়াটার ট্রান্সমিশন মেইনস ইনক্লুডিং রিভার ক্রসিং’ নির্মাণ কাজে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
২৫০ কোটি ৬৮ লাখ টাকায় ‘চায়না জিও ইঞ্চিনিয়ারিং কর্পোরেশন’ এ কাজ করবে।
বাংলাদেশ রেলওয়ের ‘সেক্টর ইমপ্রুভমেন্ট আম্ব্রেলা’ প্রকল্পের আওতায় ‘সিগন্যালিংসহ টংগী-ভৈরব বাজার ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পের ইমপ্লিমেনটেনিং কনসালটেন্সি সার্ভিস কাজে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন অর্ডার প্রস্তাব অনুমোদন দেয়া হয় সভায়।
