২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামে বিদ্যুৎ চাহিদা মেটাতে ৫২০০ কোটি টাকার প্রকল্প

গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা মেটাতে ৫ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 11:35 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

প্রকল্পের আওতায় তিন বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিতরণে সিস্টেম লসের হার ১৪ থেকে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পসহ ছয় হাজার ৩৮৬ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সভায় অনুমোদিত ‘পল্লী বিদুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন’ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, “এ প্রকল্পের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ নেটওয়ার্কের ক্যাপাসিটি ১৮৪০ এমভিএ বৃদ্ধির মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানো হবে।”

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, ‘পল্লী বিদুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন’ প্রকল্পের আওতায় ৩৩ কেভির ২৭২৮ কিলোমিটার নতুন সরবরাহ লাইন নির্মাণ ও ৮৮৭ কিলোমিটার লাইন আপগ্রেডেশন করা হবে। এছাড়া ১১ কেভির ২৬৩৪ কিলোমিটার নতুন সরবরাহ লাইন নির্মাণ ও আপগ্রেডেশন করা হবে।

৩৩/১১ কেভি নতুন ১১০টি বৈদ্যুতিক সাবস্টেশন, ৩১টি সুইচিং স্টেশন এবং ৩২ সেট রিভার ক্রসিং টাওয়ার নির্মাণ করা হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ২৯৩ কোটি ৩৩ লাখ টাকা সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে। প্রকল্প সাহায্য হিসেবে আসবে তিন হাজার ৭০৫ কোটি টাকা। বাকি ২০০ কোটি টাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে।

২০১৪ সালের জুলাইয়ে শুরু হয়ে প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা।

সভায় ৯৫৭ কোটি টাকা ব্যয়ে ডিজিটাল বাংলাদেশের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্পও অনুমোদন দেয় হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয়ের মধ্যে ৩৪৪ কোটি ৬৯ লাখ টাকা সরকার যোগান দেবে। বাকিটা প্রকল্প সাহায্য হিসেবে আসবে। ২০১৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে।

প্রকল্পের আওতায় ঢাকার দু’টি স্থানে কোর নেটওয়ার্ক স্থাপন করা হবে। এছাড়া ৭টি বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা শহরে মোট ৬৭০টি বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) নির্মাণসহ ৩০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করা হবে।

এছাড়া সভায় ১৯৪ কোটি টাকার বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ এবং ৩৭ কোটি টাকায় রাজধানীর উত্তরা লেক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।