ধানের বাম্পার ফলনের আশা
গরম ও সেচের পানির সঙ্কটের পরও বিভিন্ন কারণে চলতি বছর বোরো ধানের ‘বাম্পার’ ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তবে ধানের উৎপাদন ভালো হলেও কিছু অঞ্চলে এর উৎপাদন খরচ বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিপদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সত্যি যে এবছর কিছু অঞ্চলে সেচের সংকট ছিল। কিন্তু বিকল্প ব্যবস্থা থাকায় তা কোনো ক্ষতি করতে পারেনি।”
চলতি অর্থবছরে মোট তিন কোটি ৫৯ লাখ টন খাদ্য (তিন কোটি ৪৬ লাখ টন চাল এবং ১৩ লাখ টন গম) উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ২ দশমিক ৩ শতাংশ বেশি।
এছাড়া চলতি বছরে প্রায় ৪৮ লাখ হেক্টর জমিতে এক কোটি ৯০ লাখ টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো।
রফিকুল ইসলাম বলেন, “অনুকুল আবহাওয়ার কারণে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।”
তবে কিছু অঞ্চলে ধানে চিটা পড়ার কারণে উৎপাদন সামান্য ব্যাহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ৱরংপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত জাহান বলেন, “এবছর রংপুরে বোরোর বাম্পার ফলন হয়েছে। এখন ব্রি-ধান-২৮ মাঠ থেকে ঘরে তুলছে কৃষক।”
তিনি জানান, হেক্টর প্রতি ৫ দশমিক ৫ টন ফলন হয়েছে, যা গত বছরে ছিল ৫ টনের সামান্য বেশি।
সিফাত বলেন, “প্রচণ্ড তাপদাহ না হলে এবছর উৎপাদন আরো বাড়তো। কৃষকরা সচেতনভাবে আধুনিক প্রযুক্তি গ্রহণ করায় এবার উৎপাদন বৃদ্ধি পেয়েছে।”
রংপুরের সদর উপজেলার কৃষক শামসুদ্দিন আহমেদ বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার তিস্তার এক ফোটা পানিও পাইনি ধানের জমিতে সেচের জন্য। কিন্তু নিজের নলকুপ থাকায় কোনো সমস্যা হয় নাই।”
ফলে ধানের বাম্পার ফলন হলেও বেড়েছে তার উৎপাদন খরচ।
শামসুদ্দিন বলেন, “তেলের যে দাম তাতে ধানের ফলন ভালো না হলে সবাই মাঠে মারা যাবে।”
তিনি আশা করছেন এবার সেচের খরচের বিবেচনা করে সরকার ধানের বিক্রয়মূল্য নির্ধারণ করবে।
