২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রাজস্ব কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 10:21 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার এনবিআরের শুল্ক ও ভ্যাট বিভাগের নতুন কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

গোলাম হোসেন বলেন, “দেশের উন্নয়নে বর্ধিত রাজস্ব আহরণের লক্ষ্যে আত্মবিশ্বাস, সাহসিকতা, সততা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“নিজেদেরকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে সবার কাছে পরিচিতি অর্জন করতে হবে। কর্মজীবনের সকল ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে রাজধানীর অফিসার্স ক্লাবে শুল্ক ও ভ্যাট বিভাগের নতুন ৬৮৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার প্রশিক্ষণ-প্রাক ধারণা ও নির্দেশনা দেয়া হয়।

নতুন কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “সহকারী রাজস্ব কর্মকর্তারা মাঠ পর্যায়ে রাজস্ব আহরণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

“তাই নতুন কর্মকর্তাদের শুল্কও মূসক বিষয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক যুগোপোযোগী জ্ঞান, ধারণা, দক্ষতা, সক্ষমতা ও অভিজ্ঞতা অর্জনের কোনো বিকল্প নেই।”

“উপযুক্ত সময়োপযোগী এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে দাপ্তরিক কাজে লাগাতে হবে। পাশাপাশি দেশের উন্নয়নে বর্ধিত রাজস্ব আহরণের লক্ষ্যে আত্মবিশ্বাস, সাহসিকতা, সততা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পরিপালন করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, বশির উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন, ফিরোজ শাহ আলম, সুলতান মো. ইকবাল, হুসেইন আহমেদ এবং ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেনসহ এনবিআরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।