শিল্পের জন্য জমি পাওয়া সহজ করার আশ্বাস মন্ত্রীর
উদ্যোক্তারা শিল্প স্থাপনে যাতে সহজে জমি পান আগামী বাজেটে সেরকম একটি ব্যবস্থা রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে জমি পাওয়া। এই বাধা দূর করতে আগামী বাজেটে আমরা আলাদা বরাদ্দ রাখবো। আমার মনে হয় শিল্পের জন্য জমি দিতে পারলে দেশে বিনিয়োগের অবস্থা বদলে যাবে।”
৫ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন।
বিনিয়োগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জমি অধিগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে ৭টি জায়গা চিহ্নিত করা হয়েছে।
প্রাক-বাজেট আলোচনার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে অর্থমন্ত্রণালয়।
দেশিয় বিনিয়োগ আশা অনুযায়ী না হওয়া প্রসঙ্গে মুহিত বলেন,“রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ হচ্ছে না। আমিও বুঝি ব্যবসায়ীদের মধ্যে আস্থার অভাব অছে। এটি অবশ্যই একটি কারণ। তবে হরতাল-অবরোধের কারণে বিদেশি বিনিয়োগকারীরা নভেম্বর-ডিসেম্বরে ফিরে গেলেও এখন তারা আবার আসতে শুরু করেছেন। তারা বড় আকারের বিনিয়োগ নিয়ে আসছেন।”
তিনি বলেন, "তাহলে দেশি উদ্যোক্তারা কেন বিনিয়োগ করতে পারছেন না? দেশে পাঁচ কোটি মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে। বিদেশি বিনিয়োগকারিরা আসছেন। এমতাবস্থায় দেশিয় বিনিয়োগ না হওয়ার কোন কারণ থাকতে পারে বলে আমি মনে করি না।"
এই পরিস্থিতিতে দেশিয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের কাছে প্রয়োজনীয় পরামর্শ চান অর্থমন্ত্রী।
বিনিয়োগ না হওয়ায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, কানাডাসহ বিভিন্ন দেশে পুঁজি পাচার হয়ে যাচ্ছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, "অর্থনীতির স্বাভাবিক নিয়ম হলো দেশে পুঁজির বিনিয়োগ না হলে, তা পাচার হবে।"
বেসরকারি খাতের বিনিয়োগ না বাড়লেও গত কয়েকবছর সরকারি বিনিয়োগ ক্রমান্বয়ে বেড়েছে বলে মুহিত উল্লেখ করেন।
করদাতা বাড়ানো প্রসঙ্গে মুহিত বলেন, ১৬ কোটি মানুষের দেশে অন্তত ৫০ লাখ করদাতা থাকা আবশ্যক। সেখানে এখন আছে ১১ লাখের ওপরে।
তিনি বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আমরা এটা বাড়ানোর বড় ধরনের উদ্যোগ নেই। কিন্তু রাজস্ব আয় বাড়ানো গেলেও এক্ষেত্রে খুব বেশি সফলতা আসেনি। ২ লাখের মতো বাড়াতে পেরেছি।
তিনি জানান, এনবিআর করদাতা বাড়াতে এখন দেশের সব উপজেলার ‘গ্রোথ’ সেন্টারে যাচ্ছে।
কেবলমাত্র উৎপাদনমুখী খাতে ‘কালো টাকা’ বিনিয়োগের সুযোগ দেয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “আইন মোতাবেক জরিমানা সাপেক্ষে অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ আছে। সেটি বহাল থাকবে। তবে এর জন্য আলাদাভাবে কোন বিশেষ সুযোগ এবারের বাজেটে দেয়া হবে না।”
দেশে কালো টাকা বিনিয়োগের সুযোগ আগে দেয়া হলেও এর থেকে ভাল ফল আসেনি বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আগামীতে সঞ্চালন লাইনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। এতে সিস্টেম লস কমে আসবে।
তিনি বলেন, "দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। কিন্তু শিক্ষার গুণগত মান বাড়ছে না।"
এ ব্যাপারে সরকার এখন নজর দিচ্ছে বলে তিনি জানান। তবে অর্থমন্ত্রী বেসরকারি স্কুল-কলেজে এমপিও’র মাধ্যমে বেতনভাতাদি দেয়া বন্ধ করা উচিত বলে মত দেন।
সভায় অর্থসচিব ফজলে কবীর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
