২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজে সন্তুষ্ট আইডিবি

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত উপকুলীয় এলাকায় ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় স্কুল-কাম-সাইক্লোন শেল্টার (এসসিসিএস) নির্মাণ প্রকল্প সফলতার সঙ্গে বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংস্থাটির সফররত প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 12:58 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার রাজধানীর আইডিবি ভবনে ‘ফায়েল খায়ের’ (উত্তম কাজ) নামের এ প্রকল্পের অংশ হিসেবে ২৪টি সাইক্লোন শেল্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। এই স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের বাকী কাজ শেষ হবে বলে আশা করছি।”

আইডিবি প্রেসিডেন্ট দুই দিনের সফরে রোববার ঢাকায় আসেন।

আহমেদ মোহাম্মদ আলী জানান, ইতোমধ্যে ২৪টি সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ শেষ হয়েছে।

২০০৮ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের উপকূলবর্তী এলাকা বরিশাল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় ব্যাপক ক্ষতি হয়।

এর পরিপ্রেক্ষিতে আইডিবি এসব এলাকায় ১৮০টি স্কুল-কাম-সাইক্লোন শেল্টার নির্মাণ এবং  ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন ও জররী ত্রাণ দিতে ১৩ কোটি ডলারের সহায়তা নিয়ে এগিয়ে আসে।

সাইক্লোন শেল্টার নির্মাণের লক্ষে আইডিবি বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত সহায়তার ১১ কোটি ডলার দিয়ে ক্ষতিগ্রস্ত ১৩ জেলার ৪০ উপজেলায় ১৮০টি সাইক্লোন শেল্টার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। বাকি দুই কোটি ডলার ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ ও পুর্নবাসনে ব্যয় করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম ধাপে খুলনা ও বাগেরহাটে ২৪টি সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। আরো ১৪টি ধাপে পর্যায়ক্রমে আরো ১৫৬টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে।

প্রতিটি কেন্দ্রে ২৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। আর দুর্যোগের সময় ৫০০টি গবাদি পশু ও দুই হাজার লোক আশ্রয় নিতে পারবে।

সফররত আইডিবি প্রেসিডেন্ট ঢাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ‘হাজি মাংস’ বিতরণে অংশগ্রহণ করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংস্থাটির পক্ষ থেকে এ বছর ঢাকা, চট্টগ্রাম ও মংলায় উল্লেখযোগ্য পরিমাণ হিমায়িত ‘হাজি মাংস’ বিতরণ করা হয়।

সংবাদ সম্মেলনে এসসিসিএস প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ সালিম ও প্রকল্প পরিচালক সুফি মোস্তাক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।