কৃষিভিত্তিক শিল্পে ঋণ দেবে মেঘনা ব্যাংক
কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী এবং মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম উপস্থিত ছিলেন।
এই চুক্তি অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে ঋণ বিতরণ করবে মেঘনা ব্যাংক।
গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ জোগাতে ২০০১ সালে ১৫০ কোটি টাকা নিয়ে কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে বাংলাদেশ ব্যাংক।
বিভাগীয় সদর ও নারায়ণগঞ্জ শহরের বাইরে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের লক্ষ্যে এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে হবে উদ্যোক্তাদের। ঋণের সুদহার সর্বোচ্চ ১০ শতাংশ।
জ্যাম, জেলি, জুস, আচার উৎপাদনকারী শিল্প, টমোটে, আম, পেয়ারা, লিচু, নারকেল প্রক্রিয়াজাতকরণ শিল্প, ব্রেড, সেমাই, চানাচুর নুডুলস প্রস্তুতকারক শিল্পসহ মোট ৩৭ ধরনের কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, মেঘনা ব্যাংক যুক্ত হওয়ার ফলে এই তহবিলের ঋণ বিতরণে জন্য চুক্তিবদ্ধ ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ২৭টিতে।
এছাড়া ১৭টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও (এনবিএফআই) এই তহবিলের ঋণ বিতরণের জন্য চুক্তিবদ্ধ রয়েছে।
