স্থানীয় মুদ্রায় ঋণ নিতে পারবে বিদেশি প্রতিষ্ঠান
বাংলাদেশে কার্যক্রম চালানো বিদেশি মালিকানা ও নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানগুলো এখন থেকে স্থানীয় মুদ্রায় মেয়াদি ঋণ নিতে পারবে।
তবে এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশে কমপক্ষে ৩ বছর কাজ করতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সার্কুলার জারি করে এ সুবিধা ঘোষণা করেছে।
বৈদেশিক মুদ্রানীতি আইনে নিষেধাজ্ঞা থাকায় এতদিন বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো স্থানীয় মুদ্রায় ঋণ নিতে পারত না।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইনের ওই ধারাটির কার্যকারিতা স্থগিতের কথা বলা হয়েছে।
স্থানীয় ব্যাংকগুলোতে বিনিয়োগযোগ্য অতিরিক্ত তারল্য থাকায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সুত্র জানিয়েছে, বর্তমানে ব্যাংকিং খাতে প্রায় ৯০ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে।
