বিদেশি ঋণের ছাড় বেড়েছে, পরিশোধে গেছে ৩৮%
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশি ঋণ-সহায়তার প্রবাহ বাড়লেও তার এক তৃতীয়াংশই চলে গেছে আগে নেয়া ঋণের সুদ ও আসল পরিশোধে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বিভিন্ন দাতা দেশ ও সংস্থা প্রায় ১৫৭ কোটি ডলার ছাড় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক কোটি ৪১ লাখ ডলার বেশি।
একই সময়ে আগের ঋণের সুদ ও আসল মিলিয়ে দাতাদের ৫৯ কোটি টাকা ৩২ লাখ ডলার পরিশোধ করেছে সরকার। এর মধ্যে আসল ৪৬ কোটি ৮৫ লাখ ডলার এবং সুদ ১২ কোটি ৪৭ লাখ ডলার।
এই হিসাবে জুলাই-জানুয়ারি সময়ে যে ঋণ-সহায়তা এসেছে তার ৩৮ শতাংশই চলে গেছে আগের সুদ-আসল পরিশোধে।
গত অর্থবছরের একই সময়ে এ বাবদে ৪৬ কোটি ডলার খরচ হয়েছিল বাংলাদেশের।
ইআরডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দিকে বিদেশি ঋণ-সহায়তা ছাড়ের গতি ধীর থাকলেও নভেম্বর থেকে তা বাড়তে শুরু করে।
ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) হিসাবেও দেশে আসা মোট সহায়তার পরিমাণ ছিল গত বছরের একই সময়ের চেয়ে কম। তবে জানুয়ারির তথ্য হাতে আসার পর দেখা যায়, এবারের ছাড়ের পরিমাণ, গতবারের অর্থকে ছাড়িয়ে গেছে।
অর্থবছরের বাকি পাঁচ মাসে (ফেব্রুয়ারি-জুন) সহায়তার প্রবাহ আরো বাড়বে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত বছরের শেষ দিকের সংঘাতময় রাজনীতির প্রভাব অর্থনীতিতে যতোটা পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে ততোটা পড়েনি বলেই মনে হচ্ছে।
“ইতোমধ্যে আমরা ধকল কাটিয়ে উঠতে শুরু করেছি। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমাদের ফরেন এইড এবং রপ্তানি আয় বেড়েছে। রেমিটেন্সও বাড়ছে। রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের বেশি। আমদানি কম ছিল; সেটাও এখন বাড়ছে।”
অর্থমন্ত্রীর বিশ্বাস, আগামী দিনগুলোতেও দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে এবং অর্থনীতির সূচকগুলোরও উন্নতি হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখতও মনে করেন, গত অর্থবছরের মতো এবারও দেশে ‘ভাল’ বিদেশি সহায়তা আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতিবারই অর্থবছরের শুরুতে ফরেন এইডের প্রবাহ কম থাকে। অস্থিরতার মধ্যে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ভালো এইড এসেছে। ফেব্রুয়ারি মাসে কোনো অস্থিরতা ছিল না। মার্চ-জুন সময়ে স্বস্তি থাকবে বলেই মনে হচ্ছে।”
তার ধারণা, এই সময়ে এডিপি বাস্তবায়নসহ সরকারের উন্নয়ন কাজে গতি বাড়বে। তাতে বিদেশি সাহায্য ছাড়ের পরিমাণও বাড়বে।
চলতি অর্থবছরের বাজেটে বিদেশি ঋণের প্রাক্কলন করা হয়েছে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা (৩০৫ কোটি ডলারের বেশি)। আর আগের ঋণ পরিশোধে নয় হাজার ৩৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ইআরডির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ে বিভিন্ন দাতা দেশ ও সংস্থা সবমিলিয়ে যে ১৫৬ কোটি ৮৩ লাখ ডলার ছাড় করেছে, তার মধ্যে ঋণ ১২৫ কোটি ৯২ লাখ ডলার এবং বাকি ৩০ কোটি ৯০ লাখ ডলার অনুদান।
এর মধ্যে বিশ্ব ব্যাংকের সহায়তার পরিমাণ সবচেয়ে বেশি, ৫৮ কোটি ৮২ লাখ ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩৩ কোটি ৯০ লাখ ডলার, জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (জাইকা) ২২ কোটি ৩৮ লাখ ডলার, চীন ১১ কোটি ২৯ লাখ ডলার ও ভারত ৭ কোটি ৮৫ লাখ ডলার ছাড় করেছে। জাতিসংঘের সব সংস্থা মিলে অনুদান দিয়েছে মোট সাত কোটি ৫৪ লাখ ডলার।
জায়েদ বখত বলেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল। তবে বাস্তবে তা ঘটেনি।”
২০১১-১২ অর্থবছরে মোট ২০৩ কোটি ৩৪ লাখ ডলার ছাড় করেছিল দাতারা। তারমধ্যে আগের নেয়া ঋণের সুদ-আসল শোধে গিয়েছিল ৭৮ কোটি ৫৫ লাখ ডলার। সেই হিসাবে ওই বছরে নিট সহায়তার পরিমাণ ছিল ১২৪ কোটি ৭৮ লাখ ডলার।
গত অর্থবছরে (২০১২-১৩) ২৭৮ কোটি ৬১ লাখ ডলারের সহায়তা দেশে আসে। এর মধ্যে সুদ-আসল শোধে ব্যয় হয় ৮৯ কোটি ৯৫ লাখ ডলার। নিট সহায়তার পরিমাণ ছিল ১৮৮ কোটি ৬৬ লাখ ডলার।
