২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিবিএলকে পুঁজিবাজারে আসার পরামর্শ মন্ত্রীর

মূলধন সংগ্রহের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

এজন্য তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন।

বৃহস্পতিবার বিডিবিএলের বার্ষিক বিজনেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে কনফারেন্সের শুরুতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান ব্যাংকের আর্থিক পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকটি এক হাজার ১৯৯ কোটি ৫৬ লাখ টাকা মূলধন সংরক্ষণ করছে।

এসময় ব্যাংকের তহবিল বাড়ানোর জন্য সহযোগিতা চাইলে অর্থমন্ত্রী তাদের পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের পরামর্শ দেন।

মুহিত বলেন, “২০১০ সালে মহাধসের পর পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নানা আইন, নীতি ও বিধিমালা করা হয়েছে। ডিমিউচুয়ালাইজেশনও করা হয়েছে। যে কারণে গত তিনবছর ধরে পুঁজিবাজার অত্যন্ত স্থিতিশীল রয়েছে। ওঠানামা তেমন হয়নি। এখন পুঁজিবাজার যথেষ্ট পরিমাণ পুঁজি সরবরাহ করবে।

“যে দুটি প্রতিষ্ঠান একীভূত করে বিডিবিএল সৃষ্টি করা হয়েছে, সেগুলো শিল্পায়নের লক্ষ্যে করা হয়েছিল। আমি আশা করবো আপনারাও ইনভেস্ট ফ্যাইন্যান্সিং বাড়াবেন।”

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিডিবিএল অন্যদের তুলনায় ভালো করছে। আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, “রাষ্ট্রীয় মালিকানাধীন অধিকাংশ ব্যাংকের ব্যালান্সশিটের অবস্থা খুবই খারাপ। সেই তুলনায় বিডিবিএলের অবস্থা ভালো। তবে এক-তৃতীয়াংশ খেলাপি ঋণ মোটেই ভালো সূচক নয়। এটা অবশ্যই কমাতে হবে।”

ডিসেম্বরের শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫২০ কোটি টাকা।

সচিব ব্যাংকটির হিসাব ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং ২০১৫ সালের জুনের মধ্যে কোর ব্যাংকিং সলিউশন চালুর উদ্যোগ নিতে পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শান্তি নারায়ণ ঘোষ। এছাড়া ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে বিডিবিএল গঠন করা হয়।

ওই সময় ব্যাংকটির মাত্র ১৭টি শাখা ছিল। বর্তমানে এর ২৮টি শাখা রয়েছে।