স্থগিত, অনাদায়ী সুদকে আয় দেখানো যাবে না
স্থগিত ও অনাদায়ী সুদ আয় হিসেবে না দেখানোর জন্য ব্যাংকগুলোকে সতর্ক করে চিঠি দিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই সতর্কতার চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়, “সম্প্রতি কোন কোন ব্যাংক শাখায় বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ হিসাব পুনঃতফসিল করার সময় স্থগিত সুদ ও অনাদায়ী সুদ আয় খাতে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার লঙ্ঘন।”
২০১২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে এই ধরনের সুদ আয় খাতে না দেখানোর নির্দেশনা দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সাম্প্রতিক চিঠিতে ওই বিষয়টি উল্লেখ করে বলা হয়, “এজন্য আপনাদের (ব্যাংকের প্রধান নির্বাহীদের) স্মরণ করানো যাচ্ছে যে, বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ হিসাব পুনঃতফসিল করার মাধ্যমে স্থগিত সুদ ও অনাদায়ী সুদ আয় খাতে হিসাব করা যাবে না। এক্ষেত্রে সুদের প্রকৃত আদায়কৃত অংশই কেবল আয় হিসাবে দেখানো যাবে।”
এই নির্দেশনা দ্রুত শাখাগুলোকে জানানোর জন্যও ব্যাংকগুলোকে বলা হয়েছে চিঠিতে।
