নাগরিক সেবায় ৪১ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক
বাংলাদেশে জেলা শহর ও পৌর এলাকায় নাগরিক সেবার মানোন্নয়নে ৪১ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।
বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘দ্য মিউনিসিপ্যাল গভর্ননেন্স অ্যান্ড সার্ভিস প্রজেক্ট’র এই অর্থ উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ২৬টি জেলা শহর ও পৌর এলাকায় ব্যয় করা হবে।
এর আওতায় সড়ক, পানি ও পয়োঃনিষ্কাশন ব্যবস্থা, মার্কেট, বাস টার্মিনাল স্থাপন এবং পৌরসভার সেবা কার্যক্রম বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের ৩০ লাখ মানুষ উপকৃত হবে বলে বিশ্বব্যাংক আশা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০ বছরে এই ঋণের অর্থ পরিশোধ করা যাবে। এক্ষেত্রে ১০ বছর গ্রেস পিরিয়ড পাওয়া যাবে, অর্থাৎ এই সময়ে কোনো সুদ দিতে হবে না। বাকি সময়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে।
