২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বৈধতার সুযোগ পাচ্ছে ১০ হাজার বাংলাদেশি

অবৈধভাবে অবস্থানরত বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 06:47 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

Image
File Photo

File Photo

প্রায় ১০ হাজার বাংলাদেশি এ সুযোগ পেতে পারেন বলে আশা করছেন জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুন নাহার।

তিনি জানান, ইরাক সরকার গত সোমবার থেকে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বাগদাদে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, “ইরাক সরকারের এ সিদ্ধান্তে সেখানে অবস্থানরত প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধতা পাবেন।”

এজন্য বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য ‘অবৈধ হয়ে পড়া’ বাংলাদেশি শ্রমিকদের পরামর্শ দিয়েছেন তিনি।

যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ২০০৯ সাল থেকে আবারো বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়া শুরু করে ইরাকের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা।

বাংলাদেশ থেকে চিকিৎসক, গাড়ি চালক, পরিচ্ছন্নতা কর্মী ও নির্মাণ শ্রমিক নেয়ার বিষয়েই তারা বেশি আগ্রহী বলে বিএমইটির মহাপরিচালক জানান।

জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে গত অক্টোবর পর্যন্ত আট হাজার ৮৭০ জন বাংলাদেশি কাজ নিয়ে ইরাকে গেছেন। এর মধ্যে চলতি বছরই গেছেন পাঁচ হাজার ৫৭৭ জন।  

সরকারি হিসাবে সব মিলিয়ে প্রায় ২৫ হাজার বাংলাদেশি ইরাকে অবস্থান করছেন।