২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সাহায্য: প্রাপ্তির তিনগুণ শোধে

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকার বিদেশি ‍ঋণ যত পেয়েছে তার প্রায় তিনগুণ শোধ করেছে সুদ।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 10:55 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

ঋণ-সহায়তা ছাড় করার চেয়ে নির্বাচন নিয়ে ‘বেশি ব্যস্ত’ থাকার কারণে বিদেশি সাহায্যের প্রবাহ কমে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদ জায়েদ বখত।

সুদ পরিশোধে নতুন রেকর্ড গড়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাষ্ট) আগের নেয়া ঋণের সুদ-আসল বাবদ ৭৩ কোটি ৩৬ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

যা গত অর্থবছরের প্রায় সমান।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর প্রায় ৩ বিলিয়ন ডলারের ফরেন এইড দেশে এসেছিল। কিন্তু এবার অবস্থা বেশ নাজুক। সরকার এখন জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচন। উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে কোন মনোযোগ নেই।

“সে কারণেই যে ঋণ-সহায়তা আসছে তার থেকে বেশি শোধ করতে হচ্ছে।”

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে জুলাই-অগাষ্ট সময়ে ২৭ কোটি ৩৫ লাখ ডলারের ঋণ-সহায়তা দেশে এসেছে।

তাতে নিট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্নক ৪৬ কোটি ডলার।

২০১২-১৩ অর্থবছরের জুলাই-অগাষ্ট সময়ে নিট বিদেশি সাহায্যের পরিমাণ ছিল ২২ কোটি ৬০ লাখ ডলার। ঐ সময়ে ৩২ কোটি ৬৪ লাখ ডলার সহায়তা এসেছিল। আগের নেয়া ঋণের সুদ-আসল পরিশোধে ব্যয় হয়েছে ১০ কোটি ডলার।

নির্বাচনকে সামনে রেখে দাতারা কি অর্থ ছাড় করছে না- এমন প্রশ্নের উত্তরে জায়েদ বখত বলেন, “বিষয়টি সেরকম নয়। সরকারই আসলে নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সে কারণে পাইপলাইনে থাকা অর্থ ছাড়ের ব্যাপারের চেয়ে নির্বাচনকে ঘিরেই সরকার বেশি মনোযোগ দিচ্ছে।”

তথ্য অনুযায়ী, বিভিন্ন দাতা দেশ ও সংস্থা ২০১২-১৩ অর্থবছরে ২৭৮ কোটি ৬১ লাখ ডলার ছাড় করেছে, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৭ শতাংশ বেশি।

এর মধ্যে আগের নেয়া ঋণের সুদ-আসল পরিশোধে ব্যয় হয়েছে ৮৯ কোটি ৯৫ লাখ ডলার। ফলে নিট বিদেশি সাহায্যের পরিমাণ ছিল ১৮৮ কোটি ৬৬ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি।

ইআরডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরে আসা ২৭৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার ঋণ-সহায়তার মধ্যে ২৭৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার ছিল প্রকল্প সাহায্য। আর ২ কোটি ডলার এসেছে খাদ্য সাহায্য হিসাবে।

এর আগের অর্থবছরে (২০১১-১২) মোট ২০৩ কোটি ডলার (প্রকল্প সাহায্য ১৯৬ কোটি ৪০ লাখ এবং খাদ্য সাহায্য ৬ কোটি ৯২ লাখ ডলার) ঋণ-সহায়তার মধ্যে বিভিন্ন সময়ে নেয়া ঋণের সুদ-আসল পরিশোধে খরচ হয়েছে ৭৮ কোটি ৫৫ ডলার। নিট সাহায্যের পরিমাণ ছিল ১২৪ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার।

এ হিসাবে গত অর্থবছরে আগের বছরের চেয়ে ৩৭ শতাংশ বেশি ঋণ-সহায়তা ছাড় করেছে দাতারা।

নিট সহায়তা বেড়েছে ৩৪ শতাংশ।

একটি অর্থবছরে মোট যে সাহায্য আসে, তা থেকে বিভিন্ন সময়ে নেয়া ঋণ-সহায়তার সুদ-আসল পরিশোধের পর বাকি অর্থকেই নিট সাহয্য হিসাবে ধরা হয়।

গত ২০১০-১১ অর্থবছরে সবমিলিয়ে ১৭৭ কোটি ৭২ লাখ ডলারের বিদেশি সাহায্য এসেছিল। এর মধ্যে সুদ-আসল পরিশোধে চলে যায় ৭২ কোটি ৭৫ লাখ ডলার। নিট সাহায্যের পরিমাণ ছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার।

২০০৯-১০ অর্থবছরে মোট ২১৬ কোটি ৪৪ লাখ ডলারের ঋণ-সহায়তা এসেছিল। তার মধ্যে ৬৮ কোটি ৭৪ লাখ ডলার ব্যয় হয় দেনা পরিশোধে। নিট ঋণ-সহায়তা ছিল ১৪৭ কোটি ৭০ লাখ ডলার।

গত এক দশকের বিদেশি সাহায্যের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৯-২০০০ অর্থবছরে দেশে নিট বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল ১১৭ কোটি ৯০ লাখ ডলার। ২০০০-০১ অর্থবছরে তা ৯৫ কোটি ২৩ লাখ ডলারে নেমে আসে।

২০০১-০২ ও ২০০২-০৩ অর্থবছরে এ সাহায্যের পরিমাণ ছিল যথাক্রমে ১০১ কোটি ৯৮ লাখ ও ১১৩ কোটি ৩০ লাখ ডলার। ২০০৩-০৪ অর্থবছরে বৈদেশিক সাহায্য ৬১ কোটি ৩ লাখ ডলারে নেমে আসে।

২০০৪-০৫ অর্থবছরে আসে ১০১ কোটি ৫৮ লাখ ডলার, আর ২০০৫-০৬ অর্থবছরে ১০৭ কোটি ৮৮ লাখ ডলার।

২০০৬-০৭ অর্থবছরে দেশে নিট বিদেশিক সাহায্য আসে ১০৯ কোটি ৯৫ লাখ ডলার। ২০০৭-০৮ অর্থবছর ও ২০০৮-০৯ অর্থবছরে এসেছিল যথাক্রমে ১৩৭ কোটি ৬৫ লাখ এবং ১০২ কোটি ২৮ লাখ ডলার।