২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক-আইএমএফের সভায় যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন মুহিত

বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ১২ দিনের সফরে ওয়াশিংটন যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 11:11 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সোমবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়াওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রওনা দেবেন তিনি।

অর্থমন্ত্রী দুবাই ও নিউইয়র্ক হয়ে ৮ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে পৌঁছবেন বলে তার একান্ত সচিব এস এম জাকারিয়া হকের সই করা এক চিঠিতে বলা হয়েছে।

৯ অক্টোবর কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন অর্থমন্ত্রী।

১০ অক্টোবর বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সম্মানে অন্যান্য অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ দেবেন মুহিত।

ওই দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক এবং ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী।

বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৩ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক- আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হবে।

সভায় বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ছাড়াও উচ্চ পর‌্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

অর্থমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ।

বিশ্ব ব্যাংক-আইএমএফের সভায় যোগদান শেষে ১৪ অক্টোবর নিউইয়র্কে গিয়ে ঈদ উদ্যাপন করবেন মন্ত্রী।

১৯ অক্টোবর দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে মন্ত্রীর।