গভর্নর আদালতের আদেশ অমান্য করেননি: কেন্দ্রীয় ব্যাংক
হাই কোর্ট আদালত অবমাননার রুল দেয়ার পর বাংলাদেশ ব্যাংক দাবি করেছে, গভর্নর আতিউর রহমান আদালতের কোনো আদেশ বা নির্দেশ অমান্য করেননি।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এ বিষয়ে ব্যাখ্যা দেন।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে হাই কোর্টের রুলের বিষয়ে এমন ভাষায় সংবাদ উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় গভর্নর আতিউর রহমান আদালত অবমাননা করেছেন।
“প্রকৃতপক্ষে আতিউর রহমান হাই কোর্টের কোনো আদেশ বা নির্দেশ অমান্য করেননি। তিনি মাননীয় হাই কোর্ট বিভাগের আদেশ যথাযথভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দিয়েছেন। বিষয়টি রুল শুনানিকালে প্রমাণিত হবে।
আসাদুজ্জামান বলেন, কোনো রূল ইস্যু হওয়া মানেই আদালত অবমাননা নয়। রূল শুনানি শেষে অবমাননার অভিযোগ প্রমাণিত হলেই কেবল বিষয়টি আদালত অবমাননা হিসাবে গণ্য হবে।
ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টর (আইডিসি) নামের একটি প্রতিষ্ঠানের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও একজন মহাব্যবস্থাপকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
গভর্নর আতিউর রহমান এবং মহাব্যবস্থাপককে (ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ) দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, কাজের বিপরীতে চট্টগ্রামের বিদ্যুত উন্নয়ন বোর্ড ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টর (আইডিসি) লিমিটেডকে ৩২ লাখ ৬ হাজার ৭২৫ টাকার ৬টি চেক দেয়। চেকগুলো আমেরিকান অ্যাক্সপ্রেস (স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক) তুলে নিলেও প্রতিষ্ঠানটিকে অর্থ দেয়নি।
গত বছরের ২৯ নভেম্বর ওই টাকা ও তার সুদ আদায়ে আইডিসি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা না নেয়ায় তারা হাই কোর্টে যায়। হাই কোর্ট গত ১১ ফেব্রুয়ারি এক আদেশে এক মাসের মধ্যে এ আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেয়।
ওই আদেশ প্রতিপালন না করায় আবেদনকারীপক্ষ আদালত অবমাননার আবেদন দাখিল করে। ওই আবেদনের শুনানি করেই রুল জারি করে আদালত।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট হাসান রাজিব প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা অনেক আগের (৯০ দশকের মাঝামাঝি সময়ের দিকে হবে) একটি মামলা। সে সময় আমেরিকান অ্যাক্সপ্রেস টাকাটা পরিশোধ করেনি। পরে উত্তরাধিকারসূত্রে এই দায় আসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের উপর। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এই দায় দেয়াও হয়েছে। কিন্তু টাকাটা আদায় করে দেয়া হচ্ছে না।”
