২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

গার্মেন্টস্ শ্রমিক সমন্বয় পরিষদের একটি প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সরকার প্রধান বলেন, প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে হলে এ শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিকল্প নেই।

“শিল্প বাঁচাতে হলে পরিবেশ বজায় রাখতে হবে। বায়ারদের ধরে রাখতে হলে সুস্থ পরিবেশ রাখতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্থনীতির চালিকাশক্তি কৃষি। কিন্তু গার্মেন্ট শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে।”

তৈরি পোশাক শিল্পের প্রসারের ফলে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে নারী শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে এবং স্বচ্ছলতা এসেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

শ্রমিক নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “একটা অনুরোধ করব, শিল্পটাকে রক্ষা করতে হবে। এটা আহার আর বাসস্থানের ব্যবস্থা করে।”

শিল্পক্ষেত্রে শ্রমিক-মালিক স্বার্থ একইসঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি- সেটা আমার কাছে বড় কথা। ক্ষমতা আমার কাছে বড় না।”

শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের ওপর চাপ দেয়ার কথাও তিনি মনে করিয়ে দেন।

পধানমন্ত্রী বলেন, “আমরা মালিকদের চাপ দেই। কিন্তু তাদের দিকটাও দেখতে হবে।”

যে কোনো দাবি আদায়ে মালিক-শ্রমিক- উভয়পক্ষকেই সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে আসারও আহবান জানান প্রধানমন্ত্রী।

শ্রম আইন সংশোধনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই আইনে অপরাধ ঘটলে উভয় পক্ষের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে ১২ শ’র বেশি  শ্রমিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করলে তাদের শর্ত মেনে সরকার এই আইন সংশোধনের উদ্যোগ নেয়। 

এ আইনে ট্রেড ইউনিয়ন করার সুযোগ থাকার বিষয়টিও তিনি শ্রমিক নেতাদের জানান।

জীবনবীমার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, “শিল্পের বীমা আছে। কিন্তু শ্রমিকদের বীমা নেই।”

শ্রমিকদের জন্য ‘কল্যাণ তহবিল’ করা যায় কি না- সে বিষয়ে সরকারের পক্ষ থেকে চিন্তা-ভাবনা চলছে বলেও তিনি জানান।

সাভারের রানা প্লাজার উদ্ধারকাজের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দশ লাখ টাকা করে দেয়া হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ শ্রমিক নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।