২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে বাড়ি কেনায় অর্থ পাঠাতে সতর্কতা

বিদেশে বাড়ি কেনার জন্য অর্থ পাঠানোর বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, স্বনামধন্য বিভিন্ন পত্রপত্রিকায় সংযুক্ত আরব আমিরাতসহ (দুবাই) পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য আর্কষণীয় বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

নিবাসী বাংলাদেশিদের বিদেশে স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য বাংলাদেশ থেকে অর্থ প্রেরণের উপর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭- এ বিধিনিষেধ আরোপিত রয়েছে।

এতে সতর্ক করা হয় যে, বিধিনিষেধ লঙ্ঘন করে অবৈধভাবে অর্থ প্রেরণকারীদের বিরুদ্ধে আইনগতভাবে নির্ধারিত দণ্ড দেয়া হবে।

একই সঙ্গে গণমাধ্যমগুলোকেও এ ধরনের বিজ্ঞপ্তি প্রচারে সতর্ক ও সংযত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে অনুমোদন ছাড়া বিদেশে অ্যাপার্টমেন্ট কেনার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় অর্থপাচারের আশঙ্কা করছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাব।

এবিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ চেয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত আইনে দেশ থেকে বিদেশে জমি ও অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ না থাকলেও  সম্প্রতি একটি বিদেশি আবাসন কোম্পানি বিজ্ঞাপন দিয়ে দুবাইতে এ্যাপার্টমেন্ট কেনার আহবান জানিয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের আবাসন শিল্প যখন মুমূর্ষুপ্রায় তখন এধরনের অবৈধ প্রচারণায় আবাসন ব্যবসায়ীরা শঙ্কিত। এ অবস্থা গৃহায়ণ শিল্পের জন্য অশনি সঙ্কেত।”