আর্থিক প্রতিবেদন আইনের খসড়া অনুমোদন
নিরীক্ষা প্রক্রিয়াকে একটি স্বতন্ত্র কাঠামোর আওতায় আনতে ফাইনানশিয়াল রিপোর্টিং আইন ২০১৩-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “ফাইনানশিয়াল রিপোর্টিং সরকারি-বেসরকারি, কর্পোরেট, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ টুল।”
দেশে বর্তমানে দুটি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান আইসিএমএবি এবং আইসিএবি নিরীক্ষা পরিচালিত করে।
নিরীক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং একটি স্বতন্ত্র পদ্ধতিতে নিয়ে আসতে এ আইন করা হচ্ছে।
আইনের আওতায় বাংলাদেশ ব্যাংক গভর্নরের নেতৃত্বে একটি কাউন্সিল করা হবে যাতে এসইসি চেয়ারম্যান, এনবিআর, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তপক্ষ,আইসিএমএবি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা ছাড়াও দুজন বিশেষজ্ঞও থাকবে।
কাউন্সিলের আওতায় স্টান্ডার্ড সেটিং ও মনিটরিং এবং আইন প্রয়োগকারী বিভাগ থাকবে।
কাউন্সিলের সিদ্ধান্তের বিষয়ে আপিল করার বিধান রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেশাদার অ্যাকাউন্টেন্টদের নিয়ে গঠিত ট্রাইব্যুনাল পরিচালনা করবে।
আইনের বিধি লঙ্ঘন করলে নিরীক্ষক পাঁচ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
অপরাধ অব্যাহত রাখলে প্রতিদিন পাঁচ হাজার টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে।
মন্ত্রিসভায় সার্ক এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস (সাটিস) এর আওতায় বাংলাদেশের সিডিউল অব স্পেসেফিক কমিটমেন্টস অনুমোদনও দেয়া হয়েছে।
