২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কোম্পানি আইন পরিপালনে নির্দেশনা

ব্যাংক কোম্পানি আইন-২০১৩ পরিপালনের জন্য দেশে কার‌্যরত সব ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 11:31 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

ব্যাংকগুলোর পরিচালকদের অবগতির জন্য পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় এই আইন উত্থাপনেরও পরামর্শ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

১৪ জুলাই জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর সংশোধনী পাস হয়, যা ব্যাংক কোম্পানি আইন-২০১৩ নামে অভিহিত করা হয়েছে।

কোম্পানি আইনে বলা হয়েছে, ব্যাংকগুলোতে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকতে পারবে। এর মধ্যে ৩ জন থাকতে পারবে স্বতন্ত্র পরিচালক।

সংশোধিত আইন অনুযায়ী এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংক ন্যূনতম কিছু যোগ্যতার ভিত্তিতে পরিচালক নিয়োগের অনুমোদন দেবে।

আইনের ১৫(খ) ধারায় বলা হয়েছে, “বিশেষায়িত ব্যাংক ব্যতীত অন্য কোন ব্যাংক-কোম্পানীকে উহার পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত বা পদায়নের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং এইরুপ নিযুক্ত কর্মকর্তাগণকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে তাহার পদ হইতে অব্যাহতি দেওয়া, বরখাস্ত করা বা অপসরাণ করা যাইবে না।”

সংশোধিত আইনের ১৫(ঘ) এর উপ ধারা ৬ অনুযায়ী ব্যাংক কোম্পানির পরিচালক হওয়ার জন্য কমপক্ষে ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ফৌজদারি অপরাধে দণ্ডিত বা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যান্য অবৈধ কর্মকান্ডে জড়িত ছিলেন বা আছেন এমন ব্যক্তিও ব্যাংক কোম্পানির পরিচালক হতে পারবেন না।

আগে পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়ার দরকার হতো না। কিন্তু এখন থেকে পরিচালক নিয়োগে অনুমতি নিতে হবে।

একইসঙ্গে আইনের ১৪(খ) ধারায় বলা হয়েছে, একই ব্যক্তি বা পরিবার বা গোষ্ঠীকে ব্যাংকের পাঁচ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে চাইলেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

একজন ব্যক্তি বা পরিবার বা গোষ্ঠী একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণ করতে পারে।

এছাড়াও আইন অনুযায়ী এখন থেকে ব্যাংকের ব্যাংকের পাশাপাশি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিও পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংক।