‘দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা নয়’
দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ছাড়া দাপ্তরিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের।
এতে বলা হয়, ব্যাংক খাতের কোনো তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ‘কৌশলগত পরিকল্পনার’ কর্মশালাতেও এ বিষয়ে সতর্ক করা হয়।
এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বরও সংবাদপত্রে তথ্য না দিতে একটি অফিস নির্দেশনা দেয়া হয়েছিল।
এবারের নির্দেশনায় বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংকের কিছু সংবেদনশীল সংবাদ বিভিন্ন গণমাধ্যমে অনভিপ্রেতভাবে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। এতে একদিকে যেমন ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে দাপ্তরিক কাজে জটিলতার উদ্ভব হচ্ছে। এ ধরনের সংবাদ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের বিশেষ নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।”
এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান এবং সহকারী মুখপাত্র হিসেবে মহাব্যবস্থাপক এফএম মোকাম্মেল হক ও আফম আসাদুজ্জামান গণমাধ্যমের সামনে কথা বলবেন বলে নির্দেশনায় জানানো হয়।
