২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে মান্নানের সম্পত্তি জব্দ: এনবিআর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের জব্দ করা ব্যাংক হিসাবে পাওনা অনুযায়ী টাকা পাওয়া না গেলে প্রযোজনে তার সম্পত্তি জব্দ করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বোর্ড চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, “তার যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেখানে পাওনা অনুযায়ী টাকা না থাকলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমরা প্রয়োজনে তার সম্পত্তি ক্রোক করব।”

বুধবার এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন গোলাম হোসেন।

২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি এবং ২০১৩-১৪ অর্থবছরের পরিকল্পনা নিয়ে বোর্ডের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঠিক নির্বাচনের আগে মান্নানের ব্যাংক হিসাব জব্দ করার কারণ জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, “২০১২-১৩ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যে আমরা অনেক করদাতারই অ্যাকাউন্ট জব্দ করেছি। এর মধ্যে সরকার এবং বিরোধীদলের বড় বড় রাজনৈতিক নেতারাও আছেন। তাদের কাছে ১০০ কোটি, ৫০ কোটি টাকা করে বকেয়া কর পাওনা। উনার (মান্নান) ঘটনাটাও তার একটি।”

গোলাম হোসেন বলেন, “উনার (মান্নান) ঘটনাটি বেশ পুরনো। ২০০৭-০৮ অর্থবছরের। উনি সেসময় ইনকাম দেখিয়েছিলেন, কিন্তু সোর্স দেখাননি। কর কর্মকর্তারা তার উৎস খুঁজতে গিয়ে দেখেন উনার হিসাবে বিস্তর গ্যাপ রয়েছে।”

এছাড়া কর অঞ্চল পরিবর্তনের ক্ষেত্রে এনবিআর অফিসে তা জানানোর নিয়ম থাকলেও মান্নান তা করেননি বলে গোলাম হোসেন জানান।

“এরপর তারা (কর কর্মকর্তা) কর আদায়ে মামলা করলে উনি আপিল করেন। আমরা মামলায় জিতেছি। আপিল, ট্রাইবুনাল, টার্মিনেশন সব শেষ হয়েছে।”

বার বার তাগাদা দেয়ার পরও কর পরিশোধ না করায় আইন অনুযায়ী গত ৫ জুন ক্যাপিটাল প্রোপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক মান্নানের মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখার ব্যাংক হিসাবটি জব্দের নোটিস দেয়া হয় বলে এনবিআর চেয়ারম্যান জানান।

নির্বাচনের সময়ে ব্যাংক হিসাব জব্দের বিষয়ে গোলাম হোসেনের বক্তব্য, “উনি (মান্নান) যে ইলেকশনে দাঁড়িয়েছেন আমি সে সময় জানতাম না।

“তাছাড়া কেউ ইলেকশনে দাঁড়ালে তার কাছে করের পাওনা টাকা চাওয়া যাবে না বা তিনি ট্যাক্স দেবেন না- এমন তো কোনো আইন নেই” বলেন তিনি।

বিএনপি সমর্থিত প্রার্থী মান্নানের কাছে জাতীয় রাজস্ব রোর্ডের দাবি ২৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকা।

এর মধ্যে ২০০৭-০৮ অর্থবছরের জন্য বকেয়া রয়েছে ২৪ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা। বাকি পাওনা ২০১১-১২ অর্থবছরের জন্য।

অবশ্য মান্নানের দাবি, তিনি সঠিকভাবে কর পরিশোধ করলেও এনবিআর তার কাছে অতিরিক্ত কর দাবি করছে।

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মান্নান এবং আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খানসহ মোট ৬ জন মেয়র পড়ে লড়ছেন।

পুরনো খবর:

কর ফাঁকি: মান্নানের ব্যাংক হিসাব জব্দ