২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনৈতিক অস্থিরতাই বাজেটের প্রধান ঝুঁকি’

রাজনৈতিক অস্থিরতাকেই আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের প্রধান ঝুঁকি হিসেবে মনে করছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

একইসঙ্গে শিল্প খাতে শ্রমিক অসন্তোষ, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নকেও অন্যতম সমস্যা হিসেবে দেখছে সংস্থাটি।

রোববার ঢাকাস্থ কার‌্যালয়ে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে এ পর্যালোচনা তুলে ধরে এই ঋণদাতা সংস্থা।

সাংবাদিকদের সামনে বাজেট বিশ্লেষণ উপস্থান করেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

বিশ্লেষণে বলা হয়, ইউরোপসহ উন্নত অর্থনীতির দেশগুলোতে আর্থিক সংকট কমা, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীল থাকা এবং বিশ্বব্যাপী খাদ্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নেমে আসায় বাজেট বাস্তবায়নে তেমন কোনো বৈশ্বিক ঝুঁকি নেই।

জাহিদ হোসেন বলেন, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, ঘাটতি বাজেটের অর্থায়নের ব্যবস্থা করা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) গুণগত বাস্তবায়ন বাজেটের অন্যতম চ্যালেঞ্জ।

তার মতে, সম্প্রতি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানি ও শ্রমিক অসন্তোষসহ পোশাক শিল্পের বিভিন্ন নেতিবাচক ঘটনায় রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকলেও ব্যক্তি খাতে বিনিয়োগ কমছে।

মধ্য আয়ের দেশে পরিণত হতে আসছে অর্থবছরের জন্য নির্ধারিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অযৌক্তিক না হলেও বিনিয়োগ ও রপ্তানিসহ অন্যান্য আর্থিক সূচকের সঙ্গে সঙ্গতিহীন বলে উপস্থাপন করা হয়েছে।

ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাওয়াকে অর্থনীতির জন্য দুঃসংবাদ হিসেবে মনে করলেও জাতীয় সঞ্চয় বেড়ে যাওয়াকে সুখবর হিসেবে দেখছে বিশ্বব্যাংক।

জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির সব প্রকল্পর প্রতি মনোযোগ না দিয়ে প্রবৃদ্ধি সহায়ক যোগাযোগ ও বিদ্যুৎ খাতের প্রধান কয়েকটি প্রকল্প বাস্তবায়নে জোর দেয়ার পরামর্শ দেন জাহিদ।

তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যকর অর্থনৈতিক অবস্থা ধরে রাখতে হলে মূল্যস্ফীতি নামিয়ে আনতে হবে।

এজন্য ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানো, মুদ্রা বিনিময় হার নমনীয় রাখা এবং একই সঙ্গে সুদের হারও নমনীয় রাখতে হবে বাংলাদেশ ব্যাংককে।