‘২০১৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ’
প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখা গেলে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রোববার ট্রাস্ট ব্যাংকের এসএমই ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বলেন, “বর্তমানে মাথাপিছু গড় আয় ৯২৩ মার্কিন ডলার। মাথা পিছু গড় আয় ১০২৪ ডলারে উন্নীত হলেই আমরা মধ্যম আয়ের দেশের প্রথম সোপানে পা দেবো। এটা ২০১৪ সালে না হলেও ২০১৫ সালে অবশ্যই হবে।”
“আর ১০২৪ ডলারের গড় ইনকাম পরবর্তী চার বছর ধরে রাখতে পারলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।”
তবে এজন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
