২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে সিপিডির প্রশ্ন

নির্বাচনী বছরে দুই লাখ ২২ হাজার কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, তাতে এক লাখ ৬৭ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কীভাবে পূরণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 06:52 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজস্ব আদায়ের এই পরিকল্পনাকেই এ বাজেটের দুর্বলতম জায়গা বলে মনে করছেন তারা।

এছাড়া ব্যাংক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা ও অভ্যন্তরীণ চাহিদার ক্ষেত্রে ‘দুর্বলতাও’ এই বাজেট বাস্তবায়নে ক্ষেত্রে ‘চ্যালেঞ্জ’ হবে বলে মনে করছে সিপিডি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এতে উন্নয়ন খাতে ৭২ হাজার ২৭৫ কোটি টাকা এবং অনুন্নয়ন ১ লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

অর্থমন্ত্রী আশা করছেন, নতুন অর্থবছরে রাজস্ব বাবদে সরকার পাবে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা, যার মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আদায় হবে এই অর্থ।

বাকি ৫ হাজার ১২৯ কোটি টাকা এনবিআর বহির্ভূত খাত থেকে এবং ২৬ হাজার ২৪০ কোটি টাকা কর বর্হিভূত আয়ের লক্ষ্যমাত্রা ধরেছেন মুহিত ।

এ বিষয়ে সংশয় প্রকাশ করে দেবপ্রিয় বলেন, “রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রার ৪৬% আসবে আয়কর থাকে। নির্বাচনের বছর এতো বেশি রাজস্ব আদায় করতে পারলে এনবিআর নিঃসন্দেহে ধন্যবাদ পাবে।”

অবশ্য করজালের বিস্তৃতি বাড়াতে  করমুক্ত আয় সীমা শিথিল করার যে উদ্যোগ নেয়া হয়েছে তা সঠিক বলেই মনে করছে সিপিডি।

তবে বাজেটে আমদানি শুল্কের ওপর নির্ভরতা কমিয়ে আনার যে চেষ্টা রয়েছে তা  কতোটা যুক্তিযুক্ত হবে- তাও বিবেচনা করে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

৬৫ হাজার ৮৭০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নও চ্যালেঞ্জিং হবে বলে তিনি মনে করছেন।

দেবপ্রিয় বলেন, এবার বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এটা হওয়ার কথা ছিল ৭.৬ শতাংশ। কিন্তু বিদায়ী অর্থবছরে প্রবৃদ্ধিসহ আরো কয়েকটি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় মধ্যমেয়াদী প্রাক্কালন থেকে অর্থমন্ত্রী পিছিয়ে এসেছেন।

এতে  বাংলাদেশের সামনে ‘মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার রাস্তা আরেকটু লম্বা হয়ে গেল’ বলেও মন্তব্য করেন সিপিডির ফেলো।

তিনি বলেন, চলতি অর্থবছরে সব লক্ষ্য অর্জিত না হলেও নতুন বাজেটে উচ্চাকাঙ্খা দেখিয়েছে সরকার।

“সর্বকালের সবচেয়ে বড় এই বাজেটের লক্ষ্য পূরণ হলে তা দেশের জন্য খুবই উপযোগী হবে। কিন্তু এই বাজেট যাবে তিন সরকারের মধ্য দিয়ে। ফলে এটি একটি জটিল বছর”, বলেন দেবপ্রিয়।

তিনি মনে করেন, স্বাভাবিকভাবেই সরকারের শেষ সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা ও হরতাল বাড়বে, যা বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে এবং বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে।

বর্তমান সরকারের আগামী ৬ মাসে এই বাজেটের কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে তার রূপরেখা থাকলে ‘ভালো হতো’ বলেও মন্তব্য করেন সিপিডি ফেলো।

বাজেটকে তিনি দুটি ভাগে ভাগ করে বলেন, “রাজস্ব আদায়ের পদক্ষেপগুলোর সঙ্গে আমরা সঙ্গতি প্রকাশ করছি। বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ ও দেশীয় শিল্পকে সুরক্ষার উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু বাজেটের আর্থিক কাঠামো বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে উচ্চকাঙ্খার ভিত্তি খুঁজে পাওয়া মুশকিল।”

দেবপ্রিয়র ভাষায় আয়-ব্যায়ের হিসাবের স্পষ্ট ব্যাখ্যা না থাকায় এ বাজেট অনেকটাই ‘পরাবাস্তব’ রূপ পেয়েছে।

“আয়-ব্যয়ের যে হিসাব আনা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবাতায় মধ্যবর্তী পযায়ে এ বাজেটের সংশোধন ও পরিমার্জন দরকার হবে।”

পদ্মা সেতুতে সরকারের নিজস্ব অর্থায়নেরও সমালোচনা করেন দেবপ্রিয়। এ খাতে বৈদেশিক সাহায্য নেওয়ারও আহ্বান জানান তিনি।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থমন্ত্রী তার বাজেটে ৬ হাজার ৮৫২ কোটি বরাদ্দ রাখার ঘোষণা দেন। 

খাতওয়ারি পর্যালোচনায় তিনি বলেন, পরিমাণে বাড়লেও জিডিপির অনুপাতে দেখলে কৃষিতে বাজেট বরাদ্দ কম হয়েছে। বাজেট বাস্তবায়ন করতে গিয়ে আগামীতে কৃষি ভর্তুকি বাড়ানোরও প্রয়োজন পড়তে পারে।

আনুপাতিক বিচারে এবার কৃষিখাতে মোট বাজেটের ৮ শতাংশ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, গত বছর যা ১২ শতাংশ ছিল।  

আবাসন খাতে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দেওয়ার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, এতে জমির দাম বেড়ে যেতে পারে। তাছাড়া এই সুযোগের ফলে শিল্পখাত কোনোভাবেই উপকৃত হবে না।

“বর্তমান সরকারের প্রথম তিন বছরে মোট ১ হাজার ৩০৫ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করা হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দিলে যে পরিমাণ সামাজিক ও রাজনৈতিক ক্ষতি হয় সেই তুলনায় অর্থনৈতিক সুফল আমরা কখনোই পাইনি।”

স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে কিছু পণ্যে আমদানি শুল্কহার বাড়ানোর প্রস্তাব সঠিক হয়েছে বলে মনে করেন দেবপ্রিয়। তবে সিম কার্ড আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার বিষয়টি এ খাতের দেশীয় প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলবে বলেই তার ধারণা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের করপোরেট কর বাড়িয়ে ৪০ শতাংশ করারও সমালোচনা করেছে সিপিডি।

সংবাদ সম্মেলনে বলা হয়, জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ ক্রমান্বয়ে কমছে। তবে নারী ও শিশুর ক্ষেত্রে বরাদ্দ বাড়ছে।

সামাজিক নিরাপত্তা খাতে মূল সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে আনারও সমালোচনা করেন সিপিডি ফেলো।

পুঁজিবাজারে আয়কর ও উৎসে কর কমানোয় বিনিয়োগকারীরা ‘কিছুটা উপকৃত’ হবে মন্তব্য করে দেবপ্রিয় বলেন, ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়নের বিষয়টা বাজেটে থাকলে ভালো হতো।

তিনি বলেন, রানা প্লাজা ধ্বসের পর পোশাক শিল্প শ্রমিকদের সুরক্ষায় বাজেটে যে উদ্যোগ থাকবে বলে ধারণা করা হয়েছিল, তেমন কিছু বাজেটে আসেনি।

টাঙ্গাইলের জন্য দেয়া প্রথম জেলাভিত্তিক বাজেটেরও সমালোচনা করে দেবপ্রিয়।

তিনি বলেন, “এটাকে কোনোভাবেই আমার কাছে জেলা বাজেট মনে হয়নি। এটাকে বড়জোড় টাঙ্গাইল জেলার জন্য সরকারের আর্থিক বিবৃতি বলা যায়।”

রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ভোটের হাওয়ায় উড্ডীন মুহিতের শেষ বাজেট