২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাখাতে বরাদ্দ আগের মতোই

খাত হিসেবে শিক্ষায় বরাদ্দ এবারো সর্বোচ্চ হলেও এতে বরাদ্দ গত বারের তুলনায় সামান্যই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে ২৬ হাজার ১১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যা মোট বাজেটের ১১ দশমিক ৭৩ শতাংশ।

গত অর্থবছরে এই খাতে ২২ হাজার ১৬৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, যা ছিল মোট বাজেটের ১১ দশমিক ৫৬ শতাংশ।

এই হিসাবে ২০১৩-১৪ অর্থ বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে শূন্য দশমিক ১৮ শতাংশ পয়েন্ট বরাদ্দ বেড়েছে।

আসছে বছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেটে শিক্ষাখাতের চেয়ে অবশ্য ঋণশোধে বেশি বরাদ্দ রাখা হয়েছে।   

আগামী অর্থবছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ, শিক্ষা মন্ত্রণালয়ে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৩৬৭ কোটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুকূলে ৬৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে শিক্ষাখাতের বিভিন্ন উন্নয়মূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

শিক্ষাকে ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের মূল চালিকাশক্তি অভিহিত অর্থমন্ত্রী বলেন, জাতির উন্নয়নে শিক্ষার অপরিসীম গুরুত্ব বিবেচনা করে আমরা উচ্চ শিক্ষার সব স্তরে ভর্তির সুযোগ সৃষ্টি ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বদ্ধপরিকর।

“সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীর মৌলিক চিন্তার বিকাশকে উৎসাহিত করার কাজটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আমরা তা মোকাবেলা করতে পেরেছি,” বলেন তিনি।

 ‘২০১৪ সালের মধ্যে নিরক্ষতা দূরীকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ উল্লেখ করে মুহিত বলেন, প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও গুণগতমান বৃদ্ধির উদ্দেশ্যে আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩) বাস্তবায়ন করছি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিক স্তরে ভর্তির হার বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, ভর্তির এই হার ছিল ৯৪ দশমিক ৬ শতাংশ আর ঝরে পড়ত ৪৯ দশমিক ৩ শতাংশ। বর্তমানে প্রাথমিক স্কুলে যাচ্ছে ৯৭ শতাংশ আর শিক্ষার্থী ঝরে পড়ার হার নেমে এসেছে ২৯ দশমিক ৭ শতাংশে।