২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক থেকে ২৬০০০ কোটি টাকা ধার নেবে সরকার

ঘাটতি মেটাতে নতুন অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ২৬ হাজার কোটি টাকা ধার করার পরিল্পনা করা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ অর্থবছরের এই বাজেট প্রস্তাব ঘোষণা করেন।

দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা ব্যয়ের এই বাজেটে আয় ধরা হয়েছে  এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা। অর্থাৎ, ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ।

ঘাটতি মেটাতে চলতি বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৩ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রীর প্রস্তাবে অভ্যন্তরীণ খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা।

এর মধ্যে ব্যাংক বহির্ভূত খাত থেকে সাত হাজার ৯৭১ কোটি টাকা নেওয়া হবে। এছাড়া সঞ্চয়পত্র থেকে আসবে চার হাজার ৯৭১ কোটি টাকা।

ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে নিট ঋণ নেওয়া হবে ১৪ হাজার ৩৯৮ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছর বিদেশি উৎস থেকে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা ঋণ নেয়া হবে। এর মধ্যে নয় হাজার ৩৩১ কোটি টাকা যাবে আগে নেয়া ঋণের সুদ-আসলে পরিশোধে।

চলতি ২০১২-১৩ অর্থবছরে ব্যাংক খাত থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।