২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি ৭% রাখার লক্ষ্য

গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে রাখার লক্ষ্য ঠিক করে মহাজোট সরকারের শেষ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার  বাজেট প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, “আমাদের অব্যাহত প্রচেষ্টায় মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে এবং জনজীবনে ফিরে এসেছে স্বস্তি।”

চলতি ২০১২-১৩ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ধরেছিলেন অর্থমন্ত্রী।

গত ১১ মাসে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে সরকারের প্রত্যাশার কাছাকাছি নেমে এসেছে।

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় জুন ২০১২ থেকে মে ২০১৩ পর্যন্ত সময়ে গড় মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ।

২০১১-১২ অর্থবছরের একই সময়ে এই হার ৯ দশমিক ১৫ শতাংশ ছিল।

গড় মূল্যস্ফীতি কমেছে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবেও।

২০১১-১২ অর্থবছরের প্রথম ১১ মাসে যেখানে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ, সেখানে চলতি অর্থবছরে তা কমে ৭ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।

আন্তর্জাতিক অর্থনীতির বিগত বছরগুলোর বিপর্যয়ের চিত্র তুলে ধরে বাজেট বক্তৃতায় মুহিত বলেন, সন্তোষজনক খাদ্য মজুদ, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ, কৃষি খাতে ধারাবাহিক সহায়তা দেয়ায় মাধ্যমে মূল্যস্ফীতির রাশ টানতে পেরেছে সরকার।

পুরনো খবর:

গড় মূল্যস্ফীতি কমে ৬.৫%
বাজেটে ৭.২% প্রবৃদ্ধির আশা