সাভারে হতাহতদের জন্য ১দিনের বেতন দেবে ব্যাংকাররা
সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দেবে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশের ব্যাংকগুলোর মালিক এবং প্রধান নির্বাহীদের এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআই সভাপতি ও স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
বাংলাদেশে ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান নূরুল আমিন ও কাজী আকরাম উদ্দিন আহমদসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা।
আকরাম উদ্দিন বলেন, “যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো মানবিক সহযোগিতার হাত বাড়াতে চায়।”
আগামী ১৫ দিনের মধ্যে ওই ব্যাংকগুলোর সহযোগিতার ওই অর্থ বিএবি ও এবিবির মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেয়া হবে বলেও জানান এই ব্যাংকার।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, সাভারের দুর্ঘটনায় নিহত ও আহতদের সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংক একটি তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ওই তহবিলেই সব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন জমা হবে।
এছাড়াও ব্যাংকগুলোকে তাদের সিএসআর (কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি) তহবিল থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতার করার অনুরোধ করা হয়েছে বলে জানান সুর চৌধুরী।
ডেপুটি গভর্ণর জানান, ব্যাংকগুলোর এই অর্থ তহবিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হলেও ব্যাংকাররা চান অর্থের অর্ধেক ক্ষতিগ্রস্তদের জন্য এবং বাকি অর্ধেক দুর্যোগ মোকাবেলায় আধুনিক সরঞ্জাম কেনার জন্য ব্যয় করা হোক।
এছাড়া ব্যাংকগুলো সাভারের মানবিক বিপর্যয়ে স্বেচ্ছাসেবী উদ্ধারকারীদের খুঁজে বের করে পুরস্কৃত করারও উদ্যোগ নেবে বলে জানান তিনি।
