২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ শুরু

কৃষি বহির্ভূত খাতগুলোর পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে তৃতীয় অর্থনৈতিক শুমারির মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 10:51 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন জানান, সোমবার সকাল থেকে তৃতীয় অর্থনৈতিক শুমারির প্রথম পর্বের তথ্য সংগ্রহ শুরু হয়। আগামী ১৫ মে শুরু হবে দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ।

প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।

প্রথম পর্বে ২৪ এপ্রিল পর্যন্ত দেশের ৩৭টি জেলার তথ্য সংগ্রহ করা হবে। আর ১৫ থেকে ২৪ মে দ্বিতীয় পর্বে সংগ্রহ করা হবে বাকি ২৭টি জেলার তথ্য।

দ্বিতীয় পর্বের কাজ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন বলেও দিলদার হোসেন জানান।

তৃতীয় অর্থনৈতিক শুমারির এই কার্যক্রম শুরু হয় গত ৩১ মার্চ। এরপর ১৫ দিন শুমারি পরিচালনায় জেলা শুমারি সমন্বয়ক, মাস্টার ট্রেইনার,সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ দেয়া হয়।

পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা জানান, এই শুমারি পরিচালনার জন্য ৮৫ হাজার গণণাকারী ও ২০ হাজার সুপাইভাজার নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের মাধ্যমে গণনার কাজ করা হচ্ছে।

প্রকল্পের আয়-ব্যয় কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে শিল্প ও সেবা খাতের অবদান ক্রমশ বাড়ছে।তাই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার জন্য অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতির প্রধান অবলম্বন ছিল কৃষি।ওই সময় জাতীয় আয়ের ৬৫ শতাংশ আসতো কৃষি খাত থেকে, আর কর্মসংস্থান হতো ৮০ শতাংশ মানুষের। তবে এখন শিল্প ও সেবা খাত থেকে জাতীয় আয়ে অবদান বেড়েছে। বর্তমানে জাতীয় আয়ের ২০ শতাংশের সামান্য বেশি আসে কৃষি থেকে। আর কর্মসংস্থান হয় ৫০ শতাংশ মানুষের।

কৃষি বাংলাদেশের অর্থনীতির মৌল ভিত্তি হিসেবে থাকলেও উন্নয়নের জন্য অন্যান্য খাত এগোচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিশেষ করে শিল্প খাত দ্রুত এগোলেও সেবা খাতে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। এ কারণে এ খাতের উন্নয়ন পরিকল্পনায় সঠিক তথ্য সংগ্রহ জরুরি বলেই তারা মনে করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ডিসেম্বর নাগাদ শুমারির কাজ শেষ হবে।

প্রথম পর্বে যে সব জেলায় তথ্য সংগ্রহ করা হবে সেগুলো হলো-বরিশাল, ঝালকাঠি, বরগুনা, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর,  শরীয়তপুর, টাঙ্গাইল (অর্ধেক), ময়মনসিংহ (অর্ধেক), জামালপুর, নেত্রকোনা, খুলনা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

আর দ্বিতীয় পর্বে পিরোজপুর, ভোলা,পটুয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল (অর্ধেক), ময়মনসিংহ (অর্ধেক), শেরপুর, কিশোরগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, নাটোর, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, রংপুর, নীলফামারি ও দিনাজপুরের তথ্য সংগ্রহ করা হবে।

১৯৮৬ সালে দেশে প্রথমবারের মতো অর্থনৈতিক শুমারি হয়। এরপর ২০০১ সালে শহরে ও ২০০৩ সালে গ্রাম এলাকায় করা হয় এ শুমারি।